পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিতে চায় ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের অবরোধ কর্মসূচিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অংশগ্রহণে উজ্জীবিত ১৮-দলীয় জোট। ক্ষমতাসীন দলকে কাবু করতে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চায় তারা। এ জন্য টানা কর্মসূচিতে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল।

একই সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের শেষ প্রচেষ্টা হিসেবে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো কোনো উদ্যোগ নেন কি না, সেটাও দেখার অপেক্ষায় রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। তিনি আগামী ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন।

টানা তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষে আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পালিত হবে। গায়েবানা জানাজায় সরকার বাধা দিলে এবং সে কারণে কোনো সহিংসতার সৃষ্টি হলে আগামীকাল শনিবার থেকে আবার হরতাল বা অবরোধের কর্মসূচি দেওয়ার চিন্তা রয়েছে বলে জোটের একাধিক সূত্র থেকে জানা গেছে। অন্যথায় রোববার থেকে আবার টানা কর্মসূচি শুরুর আশঙ্কা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের লক্ষ্য আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেন পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনী মোতায়েনের আগেই বিএনপি এই লক্ষ্যে পৌঁছাতে চায়।

দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আন্দোলন অব্যাহত থাকলে নেতা-কর্মীরা কম গ্রেপ্তার হন। কেননা তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলন মোকাবিলায় বেশি ব্যস্ত থাকে। আন্দোলনে ঢিলা দিলেই গ্রেপ্তার অভিযান বেড়ে যায়।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, জনগণ পথে পথে দুর্ভেদ্য অবরোধ গড়ে তুলেছে। সরকার তাদের দমনে সব চেষ্টাই করেছে। সফল হতে পারেনি। আরও কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে একতরফা নির্বাচন থেকে সরে আসতে বাধ্য করা হবে।

এদিকে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি ও একতরফা নির্বাচন প্রতিহত করার আন্দোলনের পাশাপাশি আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের চেষ্টাও অব্যাহত রাখবে বিরোধী দল। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ আগামী ৬ ডিসেম্বর আবার ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। এজন্য বিএনপির নেতারা তাঁদের বক্তব্য প্রস্তুত করছেন বলে জানা গেছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিবের কাছে বিএনপি রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবে। একই সঙ্গে জাতিসংঘের পক্ষ থেকে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও বলবেন বিএনপির নেতারা।