পুলিশের আটটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তফসিল ঘোষণার পর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কয়েকটি পদের কর্মকর্তাদের বদলি করতে নির্বাচন কমিশনের (ইসি) পূর্বানুমতি নিতে হবে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘এগুলো নিয়মিত বদলি। ইসির অনুমোদনক্রমে এসব বদলির সিদ্ধান্ত হয়েছে।’
তবে পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থ্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রেলওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপাধ্যক্ষ পদে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসানকে রেলওয়ের ডিআইজির চলতি দায়িত্ব
দেওয়া হয়েছে। রেলওয়ের অতিরিক্ত ডিআইজি রওশন আরা বেগমকে বদলি করা হয়েছে সিআইডিতে। রেললাইনে নাশকতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এসব কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। সূত্রগুলো জানায়, সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় সরিয়ে দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে। সাতক্ষীরার এসপি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবিরকে। মোল্যা জাহাঙ্গীর হোসেনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
দিনাজপুরের এসপি সারওয়ার মোর্শেদ শামীমকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপকমিশনার রুহুল আমিনকে দিনাজপুরের এসপি করা হয়েছে। জাতিসংঘ শান্তি মিশন থেকে ফিরে আসা মনির হোসেনকে নড়াইলের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।