পরিস্থিতি পর্যালোচনায় কূটনীতিকদের প্রাতরাশ বৈঠক
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বেশ কয়েকটি দেশের ঢাকায় নিযুক্ত শীর্ষ পর্যায়ের কূটনীতিকেরা গতকাল বৃহস্পতিবার প্রাতরাশ বৈঠকে মিলিত হন। ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিংয়ের গুলশানের বাসায় সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বৈঠকটি চলে।জানতে চাইলে সেন্ড ওলিং মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিয়মিত আলোচনার অংশ হিসেবে এ প্রাতরাশ বৈঠক হয়েছে। এতে ১৫টি দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে আলোচনায় কোন প্রসঙ্গগুলো এসেছে, সে সম্পর্কে তিনি মন্তব্য করতে অপারগতা জানান।নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কূটনীতিক জানান, বাংলাদেশের সরকার ও বিরোধী দলের সাংঘর্ষিক পরিস্থিতি, হেফাজতে ইসলামের ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি এবং আগামী নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও জাপানের রাষ্ট্রদূত।