১৩৭টি সুপারিশের খসড়া প্রস্তাবের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ঢাকায় শেষ হলো স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) প্রতিনিধিদের আন্তর্জাতিক সম্মেলন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যত ভালো দলিল বা সুপারিশই করা হোক না কেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই এলডিসির সমস্যা সমাধানে উন্নত দেশগুলোর রাজনৈতিক সমর্থন দরকার। এই রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ স্বল্পোন্নত দেশগুলোর সরকারের রাজনৈতিক অঙ্গীকার।‘স্বল্পোন্নত বিশ্বের উন্নয়নে নতুন বৈশ্বিক অংশীদারিত্ব সন্ধান: প্রেক্ষাপট ইউএন এলডিসি-৪’ শীর্ষক এই আন্তর্জাতিক সংলাপে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তুরস্কের ইস্তাম্বুলে আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠেয় চতুর্থ এলডিসি সম্মেলনকে সামনে রেখে ঢাকায় যৌথভাবে এই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং প্যারিসভিত্তিক ওইসিডি ডেভেলপমেন্ট সেন্টার।গত বুধবার এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। গতকালের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, গত কয়েক দশকে বিশ্বরাজনীতি বদলেছে। উত্তর-দক্ষিণের বদলে এখন পূর্ব-পশ্চিম গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে চীন। ভারত অর্থনীতিতে একটি প্রভাবশালী দেশ। জাপান অনেক দিন ধরেই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। এর মানে বিশ্বের সবচেয়ে বড় চারটি অর্থনীতির দেশের তিনটিই এশিয়ার। এ বিষয়গুলো মাথায় রেখে এলডিসিকে ভবিষ্যৎ-সম্পর্ক গড়তে হবে।সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এলডিসি দেশগুলোর চাহিদা পরিষ্কার—খাদ্যনিরাপত্তা লাগবে, বিনিয়োগ লাগবে, বৈদেশিক বাজার লাগবে, অর্থায়ন লাগবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে। এগুলো সবই সুপারিশে এসেছে। কিন্তু যত ভালো সুপারিশই হোক না কেন, রাজনৈতিক সমর্থন বা রাজনৈতিক অঙ্গীকার না থাকলে এমন দলিলের কোনো কার্যকারিতা থাকবে না।ওইসিডি ডেভেলপমেন্ট ফিন্যান্স নেটওয়ার্কের সমন্বয়ক আনা বাটারিয়া বলেন, নতুন যে বিশ্বরাজনীতি, সেটা উপেক্ষা করলে চলবে না। কাজেই নতুন করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলো কীভাবে এলডিসিতে অবদান রাখতে পারে, সেটি ভাবা উচিত।পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, কেবল সুপারিশ করেই এলডিসিকে বসে থাকলে চলবে না। ইস্তাম্বুলে এ কথাগুলো বলতে হবে। এ সম্মেলনের সুপারিশগুলো সরকার কাজে লাগাবে। রাজনৈতিক অঙ্গীকারকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এলডিসি দেশগুলোর সরকার, জনগণ সবাইকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারলে এটি অর্থবহ হবে না।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও এলডিসি দেশগুলো এগিয়ে যাচ্ছে।সুপারিশ নিয়ে আলোচনা করতে গিয়ে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, তিন দিনের এই সম্মেলনের যে খসড়া করা হয়েছে, তাতে অসংখ্য সুপারিশ করা হয়েছে। এ সংখ্যা কমিয়ে সুনির্দিষ্ট করা উচিত। একই মন্তব্য করেন সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়ানো উচিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সুপারিশগুলো উপস্থাপন করেন ফাহমিদা খাতুন।