পরিস্থিতি শান্ত উপাচার্য পদত্যাগ করছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপাতত শান্ত। উপাচার্য পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।উপাচার্য মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিছক ভুল-বোঝাবুঝি। ইউজিসির চেয়ারম্যান আমার ১২ বছরের পুরোনো বন্ধু। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইউজিসির সহযোগিতা অব্যাহত থাকবে।’ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী জানান, উপাচার্য তাঁর বন্ধু এবং অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও নতুন পদ অনুমোদন নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এটিকে বাগিবতণ্ডা বলা এবং একে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে, তা দুঃখজনক।গত রোববার নবীনবরণ অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে উপাচার্যের পাল্টাপাল্টি যুক্তি দেওয়ার ঘটনায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে ছাত্রলীগের কয়েকজন কর্মী উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ইউজিসির চেয়ারম্যানের কাছে দেন।এ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘কিছুসংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অযথাই দুর্নীতির অভিযোগ তুলে ইউজিসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে। এতে মর্মাহত হয়ে পদত্যাগের কথা বলেছিলাম, কিন্তু সবার অনুরোধে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করেছি।’সিলেটের ১০১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছেন সিলেটের ১০১ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তাঁরা বলেন, কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কিছু কুচক্রী মহল নানা কৌশলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অশান্ত করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপমান ও হেয় করার অপচেষ্টা হয়েছিল। বিবৃতি দেন প্রবীণ সংগীতজ্ঞ ওস্তাদ রামকানাই দাশ, লোকসংগীতের শিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ, উদীচী সিলেটের সাবেক সভাপতি মো. আরশ আলী, লেখক সুরেশরঞ্জন বসাক, কবি শুভেন্দু ইমাম প্রমুখ।