পরিস্থিতি সাপেক্ষে আবারও বাংলাদেশে আসতে পারেন তারানকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিস্থিতি সাপেক্ষে আবারও বাংলাদেশে আসতে পারেন জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠাবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। গত সোমবার জাতিসংঘে সংবাদ সম্মেলনে সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেন বলে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে সর্বশেষ বৌদ্ধ ভিক্ষু খুনসহ বিভিন্ন হত্যাকাণ্ড এবং বিএনপির নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রসঙ্গ উল্লেখ করে জানতে চাওয়া হয়, তারানকো এখনো জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং সবার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করার প্রচেষ্টায় সম্পৃক্ত আছেন কি না।
জবাবে ফারহান হক বলেন, তারানকো জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠাসংক্রান্ত কার্যক্রমের প্রধান। তিনি অতীতে বাংলাদেশে গিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় আবার যাবেন। তবে শেষ বিবেচনায় দলগুলোর সদিচ্ছার ওপরই তা নির্ভর করছে।
চলমান হত্যাকাণ্ড প্রসঙ্গে সংস্থাটির মুখপাত্র বলেন, ‘এটি একটি ভিন্ন ইস্যু। জাতিসংঘ মহাসচিব ও মানবাধিকারবিষয়ক হাইকমিশন এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সেই উদ্বেগ পুনর্ব্যক্ত করছি।’
৫ জানুয়ারির সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে জাতিসংঘের প্রচেষ্টার অংশ হিসেবে তারানকো ২০১৪ সালের শেষ দিকে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করেন।