পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরপাকড় শুরুর তিন দিন পর মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের বৈধতার সুযোগ দিতে গতকাল মঙ্গলবার ই-কার্ড নিবন্ধনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। এ ছাড়া সেখানে অবৈধ বিদেশি শ্রমিকবিরোধী অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।

সরকারি হিসাব অনুযায়ী, মালয়েশিয়ায় এখন ২ লাখ ৮৭ হাজার বাংলাদেশি কাজ করছেন। অবশ্য বেসরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা আরও অনেক বেশি।

৩০ জুন মাঝরাত থেকে অবৈধ বিদেশি শ্রমিকদের ধরপাকড় শুরু হয়। এর আগে মালয়েশিয়া সরকার অবৈধ হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধতা দিয়ে অস্থায়ীভাবে কাজের সুযোগ নিশ্চিত করতে এনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) দেওয়ার ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে নিবন্ধনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩০ জুন শেষ হয়।

মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী অবৈধ বিদেশি শ্রমিকদের মাত্র ২৩ শতাংশ ওই কর্মসূচির সুযোগ নিয়েছেন। মালয়েশিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ১ জুলাই থেকে ৩ জুলাই সকাল পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হওয়া ১ হাজার ৫০৯ জনের মধ্যে ৭৫২ জন বাংলাদেশি।

অবৈধ বিদেশি শ্রমিকবিরোধী অভিযানে বাংলাদেশের লোকজনের আটক হওয়া প্রসঙ্গে জানতে চাইলে কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মালয়েশিয়ার গণমাধ্যমে আটক বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের থাকার বিষয়টি জানলেও সরকারিভাবে আমাদের এখনো কিছু জানায়নি। তবে বাংলাদেশের শ্রমিকদের বৈধতা দিতে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’

সময়সীমা বাড়ানো হবে না বলে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের অনুরোধে মালয়েশিয়ার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছি।’

অবৈধ শ্রমিকদের ধরপাকড় শুরুর আগে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি স্পষ্ট করেই বলেছেন, নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না। ফলে অবৈধ বিদেশি শ্রমিকবিরোধী অভিযানে আটক বাংলাদেশিদের ভাগ্য কী ঘটতে যাচ্ছে, তা স্পষ্ট নয়।

অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার সময়সূচি শেষ হওয়ার আগে বিষয়টি ঢাকায় জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে হাইকমিশনার বলেন, পরিস্থিতি সম্পর্কে ঢাকাকে নিয়মিতভাবে জানানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরামর্শ নেওয়াও হচ্ছে। তবে কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী মালয়েশিয়ায় বসে পদক্ষেপ নিতে হয়।

অবশ্য গতকাল দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য কিংবা ধারণা পাওয়া যায়নি। এমনকি এ ধরনের কিছু ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে তাঁদের কাছে আগাম কোনো আভাস ছিল না।

গতকাল সকালে বিষয়টি নিয়ে কথা বলতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। ব্যক্তিগত সফরে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এখন মালয়েশিয়া রয়েছেন। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়া জাবেদ আহমেদ একটি সভায় যোগ দিতে মধ্যপ্রাচ্যে গেছেন।

অবশ্য গতকাল বিকেলে কুয়ালালামপুর থেকে বাংলাদেশের শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ই-কার্ডের সুযোগ কাজে লাগিয়ে বৈধতার সুযোগ নিতে হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমের পাশাপাশি বিভিন্নভাবে বাংলাদেশের শ্রমিকদের সচেতন করার চেষ্টা করা হয়েছে। গত চার মাসে অন্তত ৯০০ প্রতিষ্ঠানে গিয়ে প্রচারণা চালানো হয়েছে।

সায়েদুল ইসলাম বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার সরকার ‘রিহায়ারিং কর্মসূচি’ নামে একটি কর্মসূচি চালু করে। যাঁরা বৈধ পথে বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় এসেছিলেন কিন্তু মেয়দা শেষ হয়ে গেছে, তাঁরা এই কর্মসূচির আওতায় আছেন। সেটি চলমান আছে এবং তা ২০১৭ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।

ই-কার্ড নিবন্ধনের সময়সীমা নির্ধারিত থাকার পরও মালিক কিংবা দালালদের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে নিবন্ধনের সুযোগ নেননি বলে মনে করেন মালয়েশিয়ায় বাংলাদেশের বেশ কয়েকজন কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ সি আর আবরার গত রাতে প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ায় নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর বাংলাদেশের শ্রমিকদের ভোগান্তিতে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও এমনটা হয়েছে। আগেভাগে বিষয়টি জানার পরও কার্যকর উদ্যোগ না নেওয়ার বিষয়টি দুঃখজনক। কারণ যে লোকগুলো স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, তাঁরা বৈধতা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন।