পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিদেশি বিনিয়োগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা
গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের তরিকত ফেডারেশনের সাংসদ এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সংসদনেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে। মানুষ ন্যায়বিচার পাচ্ছে। শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে দেশি-বিদেশি নাগরিকেরা তাদের জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ও অবস্থানরত বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, ইতিপূর্বে জঙ্গি, সন্ত্রাসী, নাশকতামূলক, ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন ব্যক্তিদের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জঙ্গি, সন্ত্রাসীসহ সব অপরাধীর কর্মকাণ্ড রোধে তাদের জোগানদাতা ও অর্থের উৎস সন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে আসন্ন ঈদুল ফিতরে যানজটমুক্ত ও নির্বিঘ্ন যাতায়াতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রমোদ মানকিনের মতো দেশসেবক পাওয়া কঠিন: প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মতো নিবেদিতপ্রাণ দেশসেবক পাওয়া কঠিন বলে মন্তব্য করেছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সংসদে প্রমোদ মানকিনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে যত গুণ থাকার কথা, প্রমোদ মানকিনের মধ্যে তার সবই ছিল। মৃত্যুটা হলো সত্য। মৃত্যুকে অস্বীকার করা যায় না। তবে কিছু মানুষের মৃত্যু সমাজ, সংসার ও রাষ্ট্রের জন্য ব্যাপক ক্ষতি বয়ে আনে।’
আলোচনায় আরও অংশ নেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক প্রতিমন্ত্রী ডা. আমানুল্লাহ এবং আব্দুর রাজ্জাক, মোসলেম উদ্দিন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জাসদের শিরিন আক্তার প্রমুখ।
এর আগে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রমোদ মানকিন, সাবেক সাংসদ আসফার হোসেন মোল্লা, সাবেক গণপরিষদ সদস্য এ এম আহমেদ খালেক, সাবেক সাংসদ মো. শহীদুল ইসলাম ও আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন।
এ ছাড়া সাপ্তাহিক বেগম-এর সম্পাদক নূরজাহান বেগম, বুয়েটের উপাচার্য খালেদা একরাম, আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম আজাদের স্ত্রী আনোয়ারা আজাদ, সাংবাদিক সাদেক খান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আক্তার সরদার, চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন, দুর্বৃত্তের চাপাতির কোপে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী, ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান, নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।