চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়নি। গত দুই দিনে ১৪৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন নতুন এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি ডায়রিয়া রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। নাগরিক কমিটির সদস্যরা গতকাল হাসপাতাল পরিদর্শন শেষে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
গতকাল শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে ৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৬১ জনই ডায়রিয়া ওয়ার্ডের করিডর ও হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক ও সেবিকারা রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
জানা গেছে, পৌর এলাকার বেলেপুকুর, বটতলাহাট, চাঁদলাই এলাকায়ও ডায়রিয়া দেখা দিয়েছে।
নাগরিক কমিটির সদস্যসচিব মনিরুজ্জামান বলেন, গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ (আরএমও) মাত্র তিনজন চিকিৎসককে উপস্থিত পাওয়া গেছে। অথচ তাঁদের কর্মকাল শুরু হয় সকাল আটটা থেকে। এ সময় ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককেও দেখা যায়নি। সেবিকাদের স্বল্পতাও লক্ষ করা গেছে।
আরএমও শফিকুল ইসলাম জানান, চিকিৎসকদের নিয়ে বৈঠক করে সময়মতো উপস্থিতি ও প্রস্থানের ব্যাপারে সতর্ক করা হয়েছে।