সাভারের রানা প্লাজা ধসে ১১ শতাধিক পোশাকশ্রমিকের প্রাণহানির ছয় মাস পরও এ দেশের তৈরি পোশাকশিল্পে পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করা কঠিন বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
আইএলওর উপমহাপরিচালক গিলবার্ট হোংবো ওই মন্তব্য করেছেন। তবে তিনি বলেন, পরিস্থিতির উন্নয়ন ঘটানোর প্রক্রিয়া শুরুর লক্ষ্যে অনেক কাজই সম্পন্ন হয়েছে।
হোংবো জাতিসংঘ রেডিওকে বলেন, ওই দুর্ঘটনার পরপরই আইএলও মহাপরিচালক গাই রাইডার তাঁকে ঢাকায় পাঠিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে পরিস্থিতির উন্নয়নে এ দেশের সরকার ও বাংলাদেশকে কী ধরনের সহায়তা দেওয়া যায় তা যাচাই করা।
সংস্থার এই উপপ্রধান বলেন, ‘ওই সফরের পর অনেক কিছুই হয়েছে। ১৫ জুলাই সরকার একটি নতুন শ্রম আইন পাস করেছে। আমরা অবশ্য এতে পুরোপুরি সন্তুষ্ট নই। এর আগে ৮ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কমপ্যাক্ট নামে একটি সমঝোতা সই হয়েছে। এর মাধ্যমে সরকার অনেকটাই দায়িত্ব নিয়েছে এবং সেগুলো পালনে সাধ্যমতো চেষ্টা করছে।’
হোংবো বলেন, এ দেশের পোশাকশিল্পের উন্নয়নে ইউনিগ্লোবাল ও ইন্ডাস্ট্রিয়াল নামের আন্তর্জাতিক ইউনিয়নের সঙ্গে অ্যাকর্ড নামের একটি সমঝোতা সই হয়েছে। উত্তর আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে গঠিত হয়েছে জোট (অ্যালায়েন্স)। পাশাপাশি নেওয়া হয়েছে আইএলওর কারখানা পরিদর্শন কার্যক্রম।
প্রকৃতপক্ষে আরও কতটা কাজ বাকি আছে, এমন এক প্রশ্নের জবাবে হোংবো বলেন, ‘অনেক কাজ করতে হবে। সচল প্রায় সাড়ে তিন হাজার কারখানার সবই পরিদর্শনের অপেক্ষায়। ভবনের নিরাপত্তা যাচাই বিষয়ে দক্ষতা আইএলওর বিশেষত্ব নয়। তবে বুয়েটের প্রকৌশলী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে আমরা কাজ করছি। এতে বেশ কয়েক মাস লাগবে। এ ছাড়া নতুন আইন বাস্তবায়নে সক্ষমতা গড়ে তুলতে শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণ প্রয়োজন। আইন প্রয়োগের প্রক্রিয়াকেও দুর্নীতিমুক্ত করা প্রয়োজন।
এসব কাজের পাশাপাশি শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলায় সহায়তার বিষয়টিও গুরুত্বপূর্ণ এবং এ কাজে সব পক্ষের সক্রিয় ভূমিকা জরুরি বলেও মন্তব্য করেন হোংবো।