চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা নাগরিক ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শনিবার তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।
এদিকে বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার লক্ষ্যে সিপিবি গতকাল ঢাকার বিভিন্ন থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের ক্ষমতার লিপ্সাকে দায়ী করেন। তিনি বলেন, এক দল ক্ষমতা ছাড়তে চায় না, অন্য দল যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। এ জন্য তারা যুদ্ধাপরাধী জামায়াত ও স্বৈরাচারী এরশাদকে কাছে টেনে নিতে পিছপা হন না।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দুই দলের অপকর্মের বিরুদ্ধে সম্মিলিতভাবে জনগণের সামনে দৃঢ়ভাবে দাঁড়ানোর ওপর জোর দেন।
বৈঠকে সিপিবি-বাসদের নেতাদের মধ্যে খালেকুজ্জামান, সৈয়দ আবু জাফর আহমেদ, হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, শামছুজ্জামান সেলিম, বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক, সাজ্জাদ জহির, অনিরুদ্ধ দাশ, জুলফিকার আলী; নাগরিক ঐক্যের এস এম আকরামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সিপিবি-বাসদের পদযাত্রা: সিপিবি-বাসদের গতকালের পদযাত্রা কর্মসূচিতে নেতারা বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থানে দেশের মানুষ আজ আতঙ্কিত। বক্তারা বোমাবাজি, অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি হামলাবাজি, হানাহানির রাজনীতির বিপরীতে জনগণের স্বার্থের রাজনীতিকে অগ্রসর করার আহ্বান জানান। মোহাম্মদপুর টাউন হল, শনির আখড়া ও শান্তিনগর মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং বিভিন্ন স্থানে সমাবেশ হয়। বিভিন্ন স্থানের সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা মো. শাহ আলম, আহসান হাবিব, বাসদের কেন্দ্রীয় কমিটির নেতা জাহেদুল হক, রাজেকুজ্জামান প্রমুখ।
এদিকে ৮ নভেম্বর বিকেল তিনটায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি-বাসদের জনসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।