পরিস্থিতির জন্যই বাংলাদেশ সীমান্তে গুলি চালাতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান ইউ কে বনশল দাবি করেছেন, সীমান্তে অপরাধ বন্ধ করতেই বিএসএফের সদস্যরা গুলি চালাতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশের সহযোগিতা ছাড়া সীমান্তে পুরোপুরি গুলি চালানো বন্ধ করা সম্ভব নয়।বিবিসি বাংলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রচারিত এক সাক্ষাৎকারে বিএসএফের মহাপরিচালক এ কথা বলেন।পাকিস্তানের মতো চরম বৈরী দেশের সীমান্তের চেয়ে বন্ধুপ্রতিম বাংলাদেশ সীমান্তে বিএসএফ কেন গুলি চালাচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে—এমন প্রশ্নে বনশল বলেন, পূর্ব সীমান্তে পরিস্থিতি বিচিত্র ও ব্যতিক্রমী। একই বিএসএফ সদস্য পাকিস্তান সীমান্তে অনেক দিন কাজ করেও গুলি চালান না। কিন্তু বাংলাদেশ সীমান্তে গেলে তাঁকে গুলি চালাতে হয় বা শক্তি প্রয়োগ করতে হয়। পরিস্থিতির জন্যই ভারত-বাংলাদেশ সীমান্তে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।বনশল বলেন, বাংলাদেশ সীমান্তে ন্যূনতম শক্তি প্রয়োগ করতে বিএসএফের সদস্যদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে শক্তি প্রয়োগের মাপকাঠি পরিস্থিতি আর স্থানের ওপর নির্ভর করবে। এটাই বিএসএফের নীতি।বিএসএফের সদস্যদের হাতে বাংলাদেশের এক যুবককে নির্যাতনের ফাঁস হওয়া ভিডিওর প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়, এটি ন্যূনতম বলপ্রয়োগের উদাহরণ কি না। জবাবে বনশল বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের আচরণ কখনো বরদাশত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ঘটনাটি কখনোই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে না।বনশল বলেন, বিএসএফ ভারতীয় পার্লামেন্টের তৈরি আইন অনুযায়ী চলবে। সে আইন অনুযায়ী নির্যাতনের সঙ্গে জড়িত সন্দেহভাজন সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। এরপর অভিযোগ গঠন ও বিচার হবে। তাহলে কি বাংলাদেশ সীমান্তে গুলি চালানো কখনো বন্ধ হবে না—এমন প্রশ্নে বিএসএফের মহাপরিচালক বলেন, সীমান্তে অপরাধমূলক কাজ চলতে থাকলে গুলি চালানো বা শক্তি প্রয়োগ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।বনশল দাবি করেন, সীমান্তে অপরাধীদের আটকাতে বাংলাদেশের কাছে বারবার সহায়তা চাওয়া হচ্ছে। বিএসএফের কাজে সহায়তা করতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে বারবার সাহায্য চাওয়া হচ্ছে। বিজিবি তাদের দিকে পাহারা কড়াকড়ি করলে দুষ্কৃতকারীরা সীমান্ত পার হতে পারবে না।সীমান্তে কেউ গেলেই সে যে অপরাধমূলক কাজে জড়িত, তা কেন ভাবা হয়—এমন প্রশ্নে বনশল বলেন, রাতে ১৪৪ ধারা বলবৎ থাকে। ওই সময় কোনো নিরপরাধ ব্যক্তির সীমান্ত পেরোনোর কথা নয়। ওই সময় কাউকে সীমান্ত পেরোতে দেখা গেলে ধরে নেওয়া হবে যে সে অপরাধমূলক কাজ কিংবা দেশদ্রোহী কোনো কাজ করতে সীমান্তে গেছে। তখনই বিএসএফের সদস্যদের দায়িত্ব এসে যায়।