আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার তেরখাদা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের এই কর্মকাণ্ডের বলি হচ্ছে সাধারণ মানুষ। পুলিশের বিরুদ্ধে দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতাদের মন জুগিয়ে চলার চেষ্টার অভিযোগ উঠেছে।দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকদের সূত্রে জানা যায়, তেরখাদা উপজেলা আওয়ামী লীগ কার্যত দুই ভাগে বিভক্ত। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ এবং সহসভাপতি ও স্থানীয় সাংসদ মোল্লা জালাল উদ্দিন। অন্য পক্ষে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস।দুবারের সাংসদ সুজা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় সাজা হওয়ায় ২০০৮ সালের সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি। এই সুযোগে হারুনুর রশিদ নিজের অবস্থান পাকাপোক্ত করেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুজা উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পান এবং এলাকায় ফিরে সাংগঠনিক ত ৎপরতা শুরু করেন। উভয় পক্ষের পুরোনো দ্বন্দ্ব নতুন করে চাড়া দেয়। এরই ধারাবাহিকতায় বিগত ইউপি নির্বাচনের আগে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান গুলিবিদ্ধ হয়ে মারা যান।গত ২২ জুলাই রাতে উপজেলার নলিয়ার চরে সাংসদ মোল্লা জালাল উদ্দিনের অনুসারী বুলবুল আহম্মেদের চিংড়িঘেরের মাছ লুট হয়। ২৩ জুলাই মোস্তফা রশিদী সুজাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়। মামলার দুই আসামি খোকন শেখ ও রবি শেখকে ২৬ জুলাই রাতে বুলবুলের লোকজন আটক করে পুলিশে দেয়। পরদিন সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর এক দিন পর খোকন ও তাঁর সহযোগীদের সঙ্গে বুলবুল ও তাঁর লোকজনের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। এ ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ তিন হাজার অজ্ঞাত ব্যক্তির নামে পুলিশ মামলা করে। এর পর থেকে পদ্মবিলা ও নরিয়ার চর গ্রাম পুরুষশূন্য।সাংসদ মোল্লা জালাল বলেন, সরফুদ্দিন বিশ্বাস উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পুলিশকে করায়ত্ত করে নিরীহ ব্যক্তিদের মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বলেন, সাংসদ জালাল মোল্লার খুলনার বাড়িতে বুলবুল বাহিনীর সদস্যরা বৈঠক করে এলাকায় হামলা চালিয়েছিল। বুলবুলের নামে ১২টি মামলা থাকলেও সাংসদ জালাল মোল্লার প্রভাবে পুলিশ তাঁকে ধরছে না। এ বিষয়ে মোস্তফা রশিদী সুজা প্রথম আলোকে বলেন, ‘এ বিরোধের সঙ্গে আমি জড়িত নই। স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যকার বিরোধ হতে পারে।’ খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, কোনো নিরীহ মানুষকে আসামি করা হয়নি। পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।