পরীক্ষক ও নিরীক্ষকদের জন্য পিএসসির ১২ দফা নির্দেশনা
প্রশ্নপত্রে ভুল ও অসংগতিসহ নানাবিধ সমস্যা সমাধানে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার পরীক্ষক ও নিরীক্ষকদের জবাবদিহির মধ্যে আনতে সরকারি কর্মকমিশন (পিএসসি) একটি নির্দেশনা জারি করেছে। এখন থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে কাজ করতে হবে।ওই নির্দেশনায় প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে করণীয়গুলো উল্লেখ করা হয়েছে। পিএসসি মনে করছে, এই নির্দেশনা মেনে চললে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে ভুল হবে না।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন প্রথম আলোকে বলেন, প্রতিবছর পিএসসি বিসিএস ও শতাধিক নন-ক্যাডার সার্ভিসের পরীক্ষা নেয়। এসব পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নসহ অন্যান্য কাজ বিধিগত কারণে কমিশনের নিজস্ব জনবল দিয়ে করা যায় না। তাই বাইরে থেকে শিক্ষক ও সাবেক আমলাসহ জনবল নেওয়া হয়। কিন্তু তাঁরা কোনো সুনির্দিষ্ট নিয়মের মধ্যে না চলায় বিভিন্ন সময় প্রশ্নপত্রে ভুল ও অসংগতিসহ নানা সমস্যা তৈরি হয়।সা’দত হুসাইন বলেন, পিএসসির পরীক্ষাগুলোর জন্য কোনো বিশেষ প্রস্তুতি, বিশেষায়িত জ্ঞান, যৌক্তিক বিশ্লেষণ কিংবা চিন্তাভাবনা ছাড়াই গতানুগতিক অনুমাননির্ভর প্রশ্ন করতে দেখা যায়। প্রশ্নপত্রের নিরীক্ষকেরাও (মডারেটর) এগুলো যাচাই-বাছাই করেন না। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও অনেক পরীক্ষক যথেষ্ট মনোযোগী থাকেন না। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যা সমাধানেই নতুন নির্দেশনা তৈরি করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনায় যা আছে: নতুন নির্দেশনায় প্রশ্নপত্র প্রণয়নকারীদের জন্য ১২ দফা নির্দেশনা তৈরি করেছে পিএসসি। এতে বলা হয়েছে, এমন কোনো প্রশ্ন করা যাবে না, যার উত্তর আন্দাজে দেওয়া যায়। প্রশ্নের মধ্যে তথ্যগত ও ব্যাকরণগত ভুল থাকতে পারবে না। বিতর্কিত, বিভ্রান্তিকর ও অনুমাননির্ভর প্রশ্ন করা যাবে না। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ সৃষ্টি হতে পারে, এমন প্রশ্ন করা যাবে না। আগের কয়েক বছরের প্রশ্ন থেকে সর্বোচ্চ দুটি প্রশ্নের বেশি পুনরাবৃত্তি করা যাবে না। এ ছাড়া কারিগরি বিষয় ছাড়া অন্য যেকোনো বিষয়ের পরীক্ষায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত একটি প্রশ্ন থাকতে হবে। কোনো বিষয়ে শতকরা ৪০ ভাগের বেশি রচনামূলক প্রশ্ন থাকতে পারবে না। বাকি প্রশ্নগুলো এমন হতে হবে, যেন সীমিত পরিসরে উত্তর লেখা যায়।পরীক্ষকদের জন্যও ১২ দফা নির্দেশনা তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, দয়াপরবশ হয়ে নম্বর দেওয়া যাবে না। উত্তরপত্র মূল্যায়নের সময় গণহারে নম্বর না দিয়ে পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা, যুক্তি প্রদর্শন, সাবলীল প্রকাশ-ক্ষমতা ও ভাষাজ্ঞান দেখতে হবে। উত্তরপত্রে কাটাকাটি বাঞ্ছনীয় নয়। লাল কালিতে নম্বর দিতে হবে। এ ছাড়া পরীক্ষক ও নিরীক্ষকদের জবাবদিহির জন্য প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন শেষে তাঁদের একটি কাগজে স্বাক্ষর দিয়ে বলতে হবে যে তাঁরা দায়িত্ব নিয়েই কাজটি করেছেন। পিএসসি বলছে, এসব নির্দেশনা যিনি মানবেন না, তাঁকে ভবিষ্যতে পিএসসি আর কোনো দায়িত্ব দেবে না।