মোট নম্বর ২০০। পরীক্ষক ১০ জন। ৯ জন তাঁদের পরীক্ষার নম্বর জমা দিয়েছেন। ১ জন পরীক্ষকের হাতের ২০ নম্বরের বিপরীতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা না দেওয়ায় রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বিএসসি ইন মেডিকেল টেকনোলজি-ল্যাবরেটরি কোর্সের চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
তবে অভিযুক্ত পরীক্ষকের দাবি, তাঁকে পরীক্ষার কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। পরীক্ষার খাতাও তাঁকে দেওয়া হয়নি।
এদিকে এই ব্যাচের চূড়ান্ত পরীক্ষা ২০১৪ সালের ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল। সেশন জটে এমনিতে তাঁদের দেরি হয়েছে। একজন পরীক্ষকের কাছে নম্বর আটকে না থাকলে গত ডিসেম্বরেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা যেত। এখন এ নিয়ে জটিলতায় ভুগছেন ১৪০ জন শিক্ষার্থী।
আইএইচটি সূত্রে জানা গেছে, তাঁদের বিএসসি মেডিকেল টেকনোলজি-ল্যাবরেটরি কোর্সের মাঠ প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের ১০ জন শিক্ষকের অধীনে ন্যস্ত করা হয়। তার আগে এই ব্যাচের শিক্ষার্থীদের ২০১৬ সালের ৭ এপ্রিল লিখিত ও ২৭ এপ্রিল মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাঁদের মাঠ প্রশিক্ষণ শেষ হয়েছে গত ডিসেম্বরে। এই প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত ১০ জন পরীক্ষকের হাতে মোট ২০০ নম্বর থাকে। নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষকেরা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা দিয়ে দেন। তখনই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার ৯ জন পরীক্ষক তাঁদের ১৮০ নম্বরের বিপরীতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আইএইচটির পরীক্ষা কমিটির কাছে জমা দেন।
আইএইচটি সূত্রে জানা গেছে, পরীক্ষকের নাম বুলবুল হাসান। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক। গত ২৩ ফেব্রুয়ারি তাঁর পরিবর্তে নতুন পরীক্ষক নিয়োগ দিতে আইএইচটির অধ্যক্ষ মো. আবদুল মজিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রস্তাব করেছেন। তাঁর পরিবর্তে তাঁরা আইএইচটির সহকারী অধ্যাপক দুরুল হুদার নাম প্রস্তাব করেছেন। নতুন পরীক্ষক পাওয়া গেলে তাঁর অধীনে এই শিক্ষার্থীদের দুই সপ্তাহের মাঠ প্রশিক্ষণ করিয়ে নিলেই তাঁর কাছ থেকে নম্বর নেওয়া যাবে। অদ্যাবধি নতুন প্রস্তাব গ্রহণ করা হয়নি।
এ ব্যাপারে বুলবুল প্রথম আলোকে বলেন, আইএইচটি তাঁকে আগেই পরীক্ষার কার্যক্রম থেকে বাদ দিয়েছে। তাঁকে খাতাও দেখতে দেওয়া হয়নি। তিনি বলেন, পরীক্ষক না থাকলে তিনি কীভাবে নম্বর জমা দেবেন?
তবে আইএইচটির অধ্যক্ষ মো. আবদুল মজিদ বলেন, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি-ল্যাবরেটরি কোর্সের চতুর্থ বর্ষের ২০১৪ সালের পরীক্ষা কমিটি বুলবুল হাসানকে পরীক্ষক নিয়োগ দিয়েছে। তিনি নম্বর জমা না দেওয়ায় ওই ব্যাচের পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাচ্ছে না।