পরীক্ষা আজ, প্রশ্নের প্যাকেট খোলা হয়েছে গতকাল!
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সৃজনশীল সমাজবিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান প্রশ্নের প্যাকেটের মুখ গতকাল রোববার খোলা অবস্থা পাওয়া গেছে। এসএসসি নির্বাচনী পরীক্ষার এই প্রশ্নপত্রে আজ সোমবার পরীক্ষা গ্রহণের কথা রয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান।কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী ও জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা তহিদুল ইসলাম গতকাল শহরের কয়েকটি স্কুল পরিদর্শন করেন। তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে শহরের আড়ুয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে তিনটি প্যাকেটে রাখা সৃজনশীল সমাজবিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান প্রশ্নের প্যাকেট খোলা পান। তবে প্রশ্নগুলো গণনায় সঠিক পাওয়া যায়।মগরেব আলী প্রথম আলোকে জানান, তাঁরা শহরের চৌড়হাস মুকুল সংঘ, হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয় ও দিনমণি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আড়ুয়াপাড়া বিদ্যালয়ে যান। সেখানে প্রশ্নপত্রের প্যাকেট খোলা পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন ও তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফজলুর রহমানকে জানানো হয়। এদিকে গতকাল রাতে শহরের বিভিন্ন ফটোকপির দোকানে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে সমাজবিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান প্রশ্নের ফটোকপি দেখা গেছে।