পরীক্ষা এ মাসেই সব বই মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষে তিন মাস অতিবাহিত হলেও খুলনাঞ্চলে মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-নবম শ্রেণী) প্রায় সাড়ে আট লাখ বই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। এ মাসেই কয়েকটি স্কুলে প্রথম সাময়িক পরীক্ষার সময়সূচি ঘোষণা করায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন জানান, অনুমোদন না পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বই সরবরাহের জন্য অন্তর্ভুক্ত করা হয়নি। পরে অনুমোদন পেয়ে সেসব প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হওয়ায় এ অঞ্চলে বইয়ের চাহিদা বেড়েছে। তা ছাড়া গত বছরের চাহিদার ভিত্তিতে এ বছর বই বরাদ্দ করাও সংকটের কারণ। তিনি দাবি করেন, এই সংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার তেমন সমস্যা হচ্ছে না। ইতিমধ্যে কিছু বই সরবরাহ করা হয়েছে। বইয়ের সংকটের বিষয়টি সংশ্লিষ্ট মহলে চিঠি দিয়ে জানানো হয়েছে। শিগগরিই সব বই পাওয়া যাবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের সংখ্যা দুই হাজার ৬৬১টি। এসব স্কুলে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বইসংকট রয়েছে আট লাখ ৪৭ হাজার ৯১১টি। এর মধ্যে শুধু খুলনা জেলায় বইসংকট এক লাখ ২১ হাজার ৭৫৮টি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেককে ছাত্রী ধরে গার্হস্থ্য বই সরবরাহ করা হয়। তবে শিক্ষকস্বল্পতা ও অনেক ছাত্রী গার্হস্থ্য পড়তে আগ্রহী না হওয়ায় কৃষি বইয়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পুরো বিভাগে প্রায় পাঁচ লাখ গার্হস্থ্য অর্থনীতির বই উদ্বৃত্ত থাকলেও যশোরে এ বইয়ের সংকট দুই হাজার ৮২৪টি। বছরের শুরুতে মেহেরপুরে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য চাহিদা দেওয়া হয় ৬৩৫ সেট, কিন্তু এনসিটিবি সরবরাহ করে ২৯৪ সেট। বাকি শিক্ষার্থীরা এখনো বই হাতে পায়নি। খুলনা মহানগরের শহীদ সোহরাওয়ার্দী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মুক্তা খানম জানায়, প্রথম সাময়িক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। অথচ কৃষিশিক্ষাসহ কয়েকটি বই এখনো পাওয়া যায়নি। পুরোনো বই ধার করে কোনো রকমে পড়া চালিয়ে নিতে হচ্ছে।আমাদের কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, উপজেলার মাধ্যমিকের ছাত্রছাত্রীদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল থেকে। কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী বিনা মূল্যের পাঠ্যবই পায়নি। বইয়ের জন্য শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ধরনা দিয়েও কোনো সুফল পাচ্ছেন না।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বইসংকটের কথা স্বীকার করে জানান, তিনি যেসব বই পেয়েছেন তা বিতরণ করা হয়ে গেছে।মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী বই পায়নি। মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বদরুল মিল্লাত জানান, ডিসেম্বরের বই মার্চেও পাওয়া যায়নি। এতে অনেক শিক্ষার্থীর লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। মতলব পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার জানায়, ‘মার্চ মাস শেষ অইয়া গেল এহনও বই পাইলাম না। বইয়ের লইগা ঠিকমতো পড়তে পারি না। কয়দিন পরই প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা কীভাবে দিমু তা জানি না।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, ‘২০ শতাংশ শিক্ষার্থী এখনো বই পায়নি। চাহিদার তুলনায় সরবরাহ কম আসায় এ সমস্যা হয়েছে। বই চেয়ে জেলা শিক্ষা কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।’