প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, পরীক্ষা ও রোজার মাঝখানে অন্তত ১০ দিনের সময় পাওয়া গেলে সে সময়ে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন করা হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে। তাদের মতামত নিয়ে তফসিল ঠিক করা হবে। পরীক্ষা ও রোজার মধ্যে নির্বাচন হবে না।
গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী রকিব এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের মূল বিবেচ্য বিষয় পরীক্ষা ও রোজা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে নির্বাচন করার সুযোগ নেই। ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। এরপর রোজা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করব। তারা যদি আমাদের বড় না হলেও মাঝারি সাইজের কোনো গ্যাপ দেখিয়ে দেন, ওই সময়ে আমরা নির্বাচন করে ফেলব।’
সিইসি বলেন, ‘আইনি বাধ্যবাধকতার কারণে রোজার আগে চট্টগ্রাম সিটির নির্বাচন করতে হবে। একই দিনে ঢাকার দুই সিটিতে নির্বাচনের বিষয়টিও মাথায় রাখতে হবে। এর আগেও আমরা এক দিনে চারটি সিটি করপোরেশন নির্বাচন করেছি। সুতরাং ঢাকা ও চট্টগ্রামের নির্বাচন এক দিনে করা বড় কোনো সমস্যা নয়।’
পরীক্ষা ও রোজার মাঝখানে সময় পেলে ঢাকা-চট্টগ্রামে নির্বাচন