পরীক্ষা ও রোজার মাঝামাঝিতে ঢাকা-চট্টগ্রামে নির্বাচন: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিবউদ্দীন আহমদ।
কাজী রকিবউদ্দীন আহমদ।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ও রোজার মাঝখানে সময় পাওয়া গেলে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাজী রকিবউদ্দীন এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, পরীক্ষা ও রোজার মাঝখানে অন্তত ১০ দিনের সময় পাওয়া গেলে সে সময়ে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন করা হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে। তাদের মতামত নিয়ে তফসিল ঠিক করা হবে। পরীক্ষা ও রোজার মধ্যে নির্বাচন হবে না।
সিইসি বলেন, ‘আমাদের মূল বিবেচ্য বিষয় পরীক্ষা ও রোজা। এ সময়টাকে ফিটিং করতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে নির্বাচন করার সুযোগ নেই। এখন এসএসসি পরীক্ষা চলছে, সামনে ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। এরপর রোজা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করব। তারা যদি আমাদের বড় না হলেও মাঝারি সাইজের কোনো গ্যাপ দেখিয়ে দেন, ওই সময়ে আমরা নির্বাচন করে ফেলব।’

কাজী রকিবউদ্দীন আহমদ আরও বলেন, ‘আইনি বাধ্যবাধকতার কারণে রোজার আগে চট্টগ্রাম সিটির নির্বাচন করতে হবে। একই দিনে ঢাকার দুই সিটিতে নির্বাচনের বিষয়টিও মাথায় রাখতে হবে। এর আগেও আমরা এক দিনে চার সিটি করপোরেশন নির্বাচন করেছি। সুতরাং, ঢাকা ও চট্টগ্রামের নির্বাচন এক দিনে করা বড় কোনো সমস্যা নয়।’