পরীক্ষা করার কথা তিনটি, করা হলো ১০টি
রাজশাহী মহানগরের দেশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসকের চাহিদার চেয়ে অতিরিক্ত পরীক্ষা করিয়ে রোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত বুধবার নওগাঁর ধামইরহাট উপজেলার এক রোগীর অভিভাবক নাজমুল হক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজশাহীর সিভিল সার্জন ও রাজশাহী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, ১৯ এপ্রিল ৬৫ বছর বয়সী রোগী আবুল কাশেমকে ডাবলু নামের এক ব্যক্তি নিজেকে দেশ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী পরিচয় দিয়ে মুক্তি ক্লিনিকের চিকিৎসক কফিল উদ্দিনকে দেখান। চিকিৎসক রোগীকে তিনটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। ডাবলু তাঁকে দেশ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ১০টি পরীক্ষা করিয়ে দুই হাজার ১৮০ টাকা বিল করান। ডাবলু সুপারিশ করে ওই বিল থেকে ৩০ টাকা কমানোর ব্যবস্থা করেন। পরীক্ষার পর প্রতিবেদন দেখানো হয় চিকিৎসক কফিল উদ্দিনকে। চিকিৎসক জানান, তিনি মাত্র তিনটি পরীক্ষা করাতে বলেছিলেন, ১০টি নয়।এ ব্যাপারে দেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জহুর সাকিল মুঠোফোনে বলেন, ‘আমাদের কাছে যেভাবে এসেছে, আমরা সে অনুযায়ী পরীক্ষা করেছি।’ ব্যবস্থাপত্রে তিনটি পরীক্ষার চাহিদা থাকলেও ১০টি কেন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই রোগী কার সঙ্গে এসেছেন, তা তো আমরা বলতে পারব না। কোনো দালালের সঙ্গে এলে তিনি আলাদা চাহিদাপত্র দিতে পারেন।’ডাবলু প্রসঙ্গে পরিচালক জহুর দাবি করেন, ডাবলু নামে তাঁদের কোনো কর্মচারী নেই। তিনি একজন দালাল।সিভিল সার্জন জহুরুল ইসলাম বলেন, ‘অভিযোগটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভুক্তভোগী ব্যক্তি মামলাও করতে পারেন।’