পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থীরা ২০১৬ সালে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। একপর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। গতকাল বুধবার তারা ক্লাস বর্জন করে এসব কর্মসূচি পালন করে।
পুলিশ, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া কলেজের এইচএসসির শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। পরে বেলা ১২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৫ সালের তাদের কলেজের শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়ে ফুলবাড়িয়া পৌর শহরে অবস্থিত ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে। পরীক্ষার সময় ওই কলেজের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ছাড়া তাঁরা পরীক্ষা শেষ হওয়ার আগেই খাতা নিয়ে যান। তাই ওই কলেজের কেন্দ্র পরিবর্তন করতে হবে অথবা তাদের কলেজে কেন্দ্র করতে হবে, এটা তাদের দাবি।
ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, ‘২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র আমি নিজে প্রত্যক্ষ করেছি। কক্ষে দায়িত্ব পালনকারী কোনো শিক্ষক কারোর সাথে খারাপ আচরণ করেননি, এমনকি নির্ধারিত সময়ের আগে উত্তরপত্র জমা নেননি।’