পরীক্ষা কেন্দ্র ফাঁকা শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়নি। পরীক্ষার প্রধান পরিদর্শক কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অন্য একটি বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষা দিতে যাওয়ায় ওই পরীক্ষা হয়নি। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন, কক্ষ ফাঁকা। শিক্ষক নেই। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। জানা যায়, গতকাল সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ৪৫ জন শিক্ষার্থী তাঁদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে যান। ‘বাংলাদেশ অর্থনীতি’ শিরোনামের ২২৫ নম্বর কোর্সের ওই পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। কিন্তু পরীক্ষার প্রধান পরিদর্শক মার্কেটিং বিভাগের প্রভাষক নাহিদ শাহ পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেননি। একপর্যায়ে শিক্ষার্থীরা জানতে পারেন, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির মৌখিক পরীক্ষা দিতে গিয়েছেন। এরপর শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ও পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। জানতে চাইলে মার্কেটিং বিভাগের প্রভাষক নাহিদ শাহ বলেন, ‘আমার ব্যক্তিগত সমস্যা থাকায় পরীক্ষা নিতে পারিনি। পরীক্ষা না নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চাকরির মৌখিক পরীক্ষা দিতে গেলেন—এমন প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।’ মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি পরীক্ষা কমিটি বলতে পারবে। আমি জানি না।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘মার্কেটিং বিভাগের চূড়ান্ত পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়নি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’