পরীক্ষা কেন্দ্র বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবারও বিদ্যালয় থেকে পরীক্ষা কেন্দ্র বাতিল করে পাঠদানের সুযোগের দাবিতে বিক্ষোভ করেছে। গত সোমবার শিক্ষার্থীরা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, আসন্ন এইচএসসি পরীক্ষায় ওই দুই বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্র হওয়ায় লেখাপড়ার ক্ষতি হবে—এই যুক্তিতে বিদ্যালয় থেকে কেন্দ্র বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানজিনা বেগম বলে, ‘পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার কারণে বিদ্যালয় বছরে প্রায় আট মাস বন্ধ থাকে। এতে আমাদের পড়ালেখার খুবই ক্ষতি হয়। তাই বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে পাঠদানের সুযোগ অব্যাহত রাখতে আন্দোলনে নেমেছি।’
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র রাজু আহমদ বলে, ‘এমনিতেই বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে ঠিকমতো পাঠদান হয় না। এরপর বছরের অধিকাংশ সময় বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হচ্ছে।’ জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দে জানান, বিদ্যালয় দুটিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার না করতে স্থানীয় সাংসদ অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সুপারিশসংবলিত লিখিত আবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করলেও কাজ হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরা আন্দোলনে নেমেছেন।
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানন্দ সরকার জানান, সরকার নির্ধারিত ৮৫ দিনের বন্ধ ছাড়াও গত বছর এসব পরীক্ষা ও বিভিন্ন কারণে ২২৭ দিন বিদ্যালয় বন্ধ ছিল। চলতি বছর ইতিমধ্যে ৫০ দিন বন্ধ হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার জন্য আরও দুই মাস বিদ্যালয় বন্ধ থাকবে। তাই অভিভাবকেরা আন্দোলন করছেন। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস জানান, গত বছর ২৫০ দিন বিদ্যালয় বন্ধ ছিল।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী, বাধ্য হয়েই এ দুটি বিদ্যালয়ে কেন্দ্র করতে হচ্ছে। ৭০০ শিক্ষার্থীর জন্য আর কোথাও ভেন্যু (কেন্দ্র) করার সুযোগ নেই।’