পরীক্ষা কেন্দ্রে ছাত্রী লাঞ্ছনার ঘটনা মীমাংসার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় কেন্দ্রসচিব থানায় লিখিত অভিযোগ করলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত ওই বখাটের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ওই ছাত্রীকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ঢুকে ছাত্রী লাঞ্ছিত করার ঘটনায় কেন্দ্রসচিব খালিদ হোসেন তাৎক্ষণিকভাবে থানায় লিখিত অভিযোগ করেন। তবে সন্ধ্যায় তাঁর উপস্থিতিতে অভিযুক্ত তরুণ ও লাঞ্ছনার শিকার ছাত্রীর অভিভাবকদের নিয়ে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে ওই ছাত্রীর বাবা হামলাকারী তরুণের শাস্তি দাবি করায় আর মীমাংসা হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, ওই ঘটনায় থানায় তখন পর্যন্ত সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। লিখিত অভিযোগ দেওয়ার পরও কেন মামলা হচ্ছে না—জানতে চাইলে তিনি বলেন, অভিযোগকারী ব্যক্তি, অভিযুক্ত তরুণের অভিভাবক ও হামলার শিকার ছাত্রীর অভিভাবকদের ইচ্ছাতেই মামলা হয়নি। তবে অভিযুক্ত তরুণকে ধরার চেষ্টা চলছে। তাঁকে ধরার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লাঞ্ছনার শিকার ওই ছাত্রী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলে, অভিযুক্ত তরুণের পক্ষ থেকে মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু সে ও তার বাবা অভিযুক্ত তরুণের শাস্তি চান। ওই তরুণের শাস্তি না হলে তাঁরা অভিযোগ প্রত্যাহার করবেন না। এ ঘটনায় সে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানায়।
কেন্দ্রসচিব খালিদ হোসেন গতকাল দুপুরে বলেন, তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করার দরকার, তা করেছেন। এর বেশি কিছু তিনি আর বলতে চান না।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাগাতিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার হলে ঢুকে এক পরীক্ষার্থীকে লাঞ্ছিত করে নির্বিঘ্নে বেরিয়ে যায় ওই বখাটে। এ ঘটনায় প্রথম আলোতে একটি সংবাদও প্রকাশিত হয়।