পরীক্ষা কেন্দ্রে নয়, যেতে হলো শ্বশুরবাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়া (ছদ্মনাম) এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পড়াশোনা করছিল। ফরমও পূরণ করে। শেষ পর্যন্ত এই পরীক্ষা দেওয়া হলো না, এটাই তার আক্ষেপ। অভিভাবকের সিদ্ধান্তে পরীক্ষা দেওয়ার আগেই তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।আর এবারের জেএসসি পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে, বান্ধবীদের পরীক্ষা কেমন হলো—এসব গল্প শুনতে শুনতে চোখের পানি ফেলে সংসারের ঘানি টানতে হচ্ছে রিয়াকে। ফলে জেএসসি পরীক্ষা তার কাছে স্বপ্নই থেকে গেল।এই পরিণতি শুধু রিয়ারই নয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় খোঁজ নিয়ে এমন অনেকের কথা জানা গেছে, যাদের জেএসসি বা জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফরম পূরণ করার পরও পরীক্ষা দেওয়া হয়নি। দুই মাস আগে পরীক্ষা দেওয়ার জন্য তারা ফরম পূরণ করলেও পরীক্ষাকেন্দ্রের বদলে তাদের যেতে হয়েছে শ্বশুরবাড়ি। অনেক ক্ষেত্রে বিয়ের পর তাদের আর পরীক্ষা দিতে দেয়নি শ্বশুরবাড়ির লোকজন। শিবগঞ্জ থেকে জেএসসি পরীক্ষায় এ বছর এক হাজার ৪৬০ জন এবং জেডিসি পরীক্ষায় ৬৮৪ জন ছাত্রী ফরম পূরণ করে। এর মধ্যে জেএসসিতে ৩৩ জন এবং জেডিসিতে ২৪ জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।ঝরে পড়া কয়েকজন ছাত্রী, বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষায় এসব ছাত্রীর অনুপস্থিতির প্রধান কারণ বাল্যবিবাহ। গুজিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজামেঞ্চল হক জানান, জেএসসি পরীক্ষায় তাঁর বিদ্যালয় থেকে একজন ছাত্রী ফরম পূরণ করার পরও বিয়ে হওয়ায় পরীক্ষা দিতে পারছে না। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, তাঁর বিদ্যালয় থেকেও একজন ছাত্রীর বিয়ে হওয়ায় সে অনুপস্থিত।আটমূল বিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার এমদাদুল হক বলেন, ‘এ অবস্থার জন্য অভিভাবকদের অসচেতনতাই দায়ী। আমরা খোঁজ নিয়ে দেখেছি, ঝরে পড়া ছাত্রীদের ৯৯ শতাংশই বাল্যবিবাহের কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে।’ নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী বলে, ‘আমি পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু বাবা-মা হঠাৎ বিয়ে দেওয়ায় আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। আমি আরও লেখাপড়া করি, তা শ্বশুরবাড়ির লোকজন চায় না।’কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার বেশির ভাগ মানুষ দরিদ্র। কন্যাশিশুকে নিয়ে মা-বাবা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই অল্প বয়সে মেয়েকে পাত্রস্থ করে নিশ্চিন্ত থাকতে চান তাঁরা। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাবিবুল আলম জানন, দারিদ্র্য, কুসংস্কার, সামাজিক অস্থিরতা ও শিক্ষার অভাবের কারণে বাল্যবিবাহের ঘটনা ঘটছে। শুধু বাল্যবিবাহের কারণে এলাকায় নারী শিক্ষার কাঙ্ক্ষিত প্রসার ঘটছে না। বাল্যবিবাহের কারণে উপজেলার অনেক সম্ভাবনাময় মেধাবী ছাত্রী অকালে ঝরে পড়ছে। এসব মেয়ের অধিকাংশ অষ্টম শ্রেণীর গণ্ডি পার হতে পারছে না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন জানান, ফরম পূরণ করার পরও পরীক্ষায় অংশ না নেওয়ার প্রধান কারণ বাল্যবিবাহ। সরকার এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করলেও তা ঠেকানো যাচ্ছে না।