মিয়ানমারের আরাকান রাজ্যে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুর খবরে উখিয়া-টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। আর গবাদিপশু আনার সুযোগ দেওয়া হয়েছে স্বাস্থ্যপরীক্ষার শর্তে। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কোনো স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই দেশে ঢুকছে বিপুল পরিমাণ গবাদিপশু। এতে দেশে মেনিনজাইটিস রোগ সৃষ্টিকারী ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে গিয়ে দেখা গেছে, নাফ নদী পার করে জেটিঘাটে ট্রলার বোঝাই করে আনা হয়েছে দুই শতাধিক মিয়ানমারের গরু, মহিষ ও ছাগল। বিজিবির সদস্যদের উপস্থিতিতে শ্রমিকেরা এগুলো করিডরের মাঠে জড়ো করছেন। কিন্তু এগুলো রোগাক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য কাউকে দেখা যায়নি।
স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, গতকাল বেলা ১১টা পর্যন্ত ওই করিডরে মিয়ানমার থেকে ১৯৮টি গবাদিপশু এসেছে। কিন্তু এগুলো রোগাক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য কোনো চিকিৎসক ছিলেন না। তিনি বলেন, কোরবানি উপলক্ষে প্রতিদিন ওই করিডরে শত শত গবাদিপশু আসছে। কিন্তু সেখানে স্থায়ী চিকিৎসক দল না থাকায় কোনো পরীক্ষা ছাড়াই এসব পশু ছেড়ে দেওয়া হচ্ছে।
মিয়ানমারে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুর খবরে জেলা প্রশাসন ১৩ আগস্ট ওই করিডরে পশু আনা বন্ধ করে। পরে পশু পরীক্ষার শর্তে আবার চালু করা হয়। ওই সময় পশু পরীক্ষার জন্য করিডরে প্রাণিসম্পদ বিভাগের একটি চিকিৎসক দল নিয়োগ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান দাবি করেন, দলটি ঠিকমতো কাজ করছে না। করিডরে স্থায়ী চিকিৎসক দল প্রয়োজন।
গবাদিপশু ব্যবসায়ী শহীদুল আলম ও আজিজুল হক বলেন, করিডরে পশু এলে ২০ কিলোমিটার দূরে টেকনাফ গিয়ে চিকিৎসক দলকে খবর দিয়ে আনতে হয়। তারা দু-একটি পশু পরীক্ষা করে শতাধিক পশুর ছাড়পত্র দেয়।
শাহপরীর দ্বীপ করিডরের পশু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাছিম বলেন, স্থায়ী মেডিকেল টিম না থাকায় তাঁরা সমস্যায় পড়ছেন। বর্তমানে প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীদের দিয়ে সপ্তাহে তিন দিন পশুর স্বাস্থ্যপরীক্ষা চলছে। কিন্তু গবাদিপশু আনা হচ্ছে প্রতিদিনই। কোরবানি উপলক্ষে এই করিডর দিয়ে অন্তত ১০ হাজার পশু আনার উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা।
করিডরে অনুপস্থিত থাকা প্রসঙ্গে জানতে চাইলে চিকিৎসক দলের সদস্য ও টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ফার্মাসিস্ট ও প্রজনন কর্মকর্তা হারাধন চন্দ্র শীল বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির সরকারি কাজে ২৪ আগস্ট থেকে ঢাকায় আছেন। তিনি যাওয়ার আগে করিডরে গবাদিপশু পরীক্ষার কিছু ছাড়পত্রে (সনদে) স্বাক্ষর দিয়ে গেছেন। এখন ব্যবসায়ীদের সেগুলো দেওয়া হচ্ছে। লোকবলসংকটের কারণে নিয়মিত করিডরে যাওয়া সম্ভব হচ্ছে না।
কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন, মেনিনজাইটিস একটি প্রাণঘাতী রোগ। তাই এ রোগ সৃষ্টিকারী ভাইরাসের ব্যাপারে পর্যাপ্ত সতর্কতা নেওয়া প্রয়োজন।