পরীক্ষা ছাড়া গবাদিপ্রাণীর ট্রাক বঙ্গবন্ধু সেতু পেরোতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত গরু বা কোনো গবাদিপ্রাণী যেন রাজধানীতে আসতে না পারে, সে জন্য বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ, স্বাস্থ্য ও প্রাণিসম্পদ কর্মকর্তারা এর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ ও পাবনা এলাকার অ্যানথ্রাক্স পরিস্থিতি নিয়ন্ত্রণের পর্যায়ে রয়েছে। আক্রান্ত এলাকায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল রোববার এ কথা বলেছেন। সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক সভায় সভাপতিত্ব করেন। প্রাণিসম্পদমন্ত্রী জানান, অ্যানথ্রাক্স রোগ দেখা দেওয়ার পর আক্রান্ত এলাকায় সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যে সমন্বয় দেখা গেছে, তা প্রশংসনীয়। ইতিমধ্যে জনগণের মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং সরকারের যে প্রস্তুতি রয়েছে সব মিলে অতি দ্রুত এ সমস্যার অবসান হবে। সভায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুুদুর রহমান জানান, রোববার সকাল পর্যন্ত সিরাজগঞ্জে ১৬৯ এবং পাবনায় ৪৪ ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। তাদের সবাইকে ১০ দিনের ওষুধসহ চিকিৎসা দেওয়া ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. শরফুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ: গত দুই দিনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাতজন, বেলকুচি উপজেলায় ১০ জন এবং কামারখন্দ উপজেলায় ১৮ জন নতুন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে মোট ১৮২ ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হলেন। এ ছাড়া গতকাল রোববার সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে একটি গরু এবং গত শনিবার উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া মহল্লায় একটি গাভিসহ দুটি গরু তড়কায় আক্রান্ত হয়ে মারা গেছে। স্বাস্থ্য বিভাগ সূত্র থেকে জানা গেছে, গত শনিবার শাহজাদপুরের নতুন একটি গ্রাম চরনবীপুর ও খামারশানিলা, বিন্নাদাইর, বেলকুচি উপজেলার আদাচাকী ও কামারখন্দ উপজেলার ধোপাকান্দি, ধলেস্বর ও বাড়াকান্দি গ্রামে নতুন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ ছাড়াও বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের ইয়ার আলীর একটি গাভি এবং উল্লাপাড়া উপজেলার পৌরশহরের শ্যামলীপাড়া মহল্লার হাসেন আলীর একটি গাভিসহ দুটি গাভি মারা গেছে। ঘটনার পরপরই গরু দুটিকে উপজেলা প্রশাসনের মাধ্যমে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত সিরাজগঞ্জে ২২টি গবাদিপশু তড়কায় আক্রান্ত হয়ে মারা গেল। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, নতুন অ্যানথ্রাক্স-আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। জনসচেতনামূলক সভার প্রতি জোর দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন-পর্যায়ে এই সচেতনতা সভা করা হচ্ছে।অ্যানথ্রাক্স নিয়ে গত শনিবার শাহজাদপুর উপজেলার নূকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, প্রাণিসম্পদ রক্ষায় ইউনিয়ন-পর্যায়ে জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাণিসম্পদ বিভাগ ও স্যানেটারি পরিদর্শকদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর গরুর ট্রাক সেতু পার হওয়ার অনুমতি দেওয়া হবে। কোনো অসুস্থ গরু পরিবহন এবং জবাই কোনো কিছুই করা চলবে না। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আলী আশরাফের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন প্রমুখ। বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন সুস্থতার সনদ ছাড়া উপজেলায় আর কোনো পশু জবাই করা যাবে না বলে মাংস ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে। এ ছাড়া সপ্তাহে তিন দিন উপজেলায় মাংস বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অ্যানথ্রাক্স প্রতিরোধবিষয়ক এক বৈঠকে এ নির্দেশ জারি করা হয়।সাঁথিয়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘সাঁথিয়ার কমপক্ষে ১৫টি পয়েন্টে গরু জবাই হয়। লোকবলের সংকট থাকায় সবগুলো পয়েন্টে গিয়ে পশু-পরীক্ষা আপাতত সম্ভব হচ্ছে না। তা ছাড়া উপজেলার তড়কা সংবেদনশীল এলাকাগুলোতে টিকা প্রদানের কাজটিকেই আপাতত প্রাধান্য দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১১ হাজার গরুকে তড়কার প্রতিষেধক দেওয়া হয়েছে।’এদিকে বেড়া উপজেলায় অ্যানথ্রাক্স প্রতিরোধে গতকাল উপজেলা প্রশাসন মাংস ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকের আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে ইউএনওসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে গতকাল দুটি গরু মারা গেছে। এলাকাবাসী জানিয়েছে, সিরাজগঞ্জ ও জামালপুরের সরিষাবাড়ীর সীমানার মাঝখানে যমুনা নদী। ওই নদী পার করে কয়েকটি অ্যানথ্রাক্স-আক্রান্ত গরু সরিষাবাড়ীতে আনা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরাবরণ চন্দ্র জানান, তড়কা রোগের প্রতিষেধক খুবই অপ্রতুল। মৌলভীবাজার প্রতিনিধি জানান, অ্যানথ্রাক্স (তড়কা) সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলার দুটি প্রবেশপথে তল্লাশি চৌকি বসানোসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। গতকাল মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অ্যানথ্রাক্স প্রতিরোধ-সংক্রান্ত এক জনগুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অ্যানথ্রাক্স রোগ ও তার প্রতিরোধ সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধ কমিটি মৌলভীবাজারের সদস্য সচিব মো. আবদুল আউয়াল ভূঞা। ফরিদপুর অফিস জানায়, জেলায় অ্যানথ্রাক্স রোগ দেখা না দিলেও জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এর জেরে ধ্বস নেমেছে গরু ও খাসির মাংস বিক্রির ক্ষেত্রে। ফলে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ জানান, ফরিদপুরে অ্যানথ্রাক্স রোগ দেখা যায়নি। তবে সাধারণ জনগণ পত্র-পত্রিকা ও টেলিভিশনের খবর দেখে হয়তো আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি বলেন, সতর্কতা অবলম্বনের পাশাপাশি মানুষের মনের ভীতি দূর করতে পদক্ষেপ নিতে হবে।