পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা রোধে পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোদের পরিবারবর্গ। মোটরযান আইন সংশোধন করে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির মেয়াদ বাড়ানোরও দাবি জানান তাঁরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক’ শীর্ষক ব্যানার নিয়ে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এসব দাবি জানান। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ পরিবারবর্গ আয়োজিত এই মানববন্ধন চলে সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত। মানববন্ধন অনুষ্ঠানে সাংসদ ও অভিনেত্রী তারানা হালিম বলেন, ‘এ দেশে শুভ ও কল্যাণকর কোনো কাজ হলে প্রতিটি পদে তা প্রশ্নবিদ্ধ হয়। তার মধ্যে ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনা নিয়ে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, তাতে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজায় আমরা আহত হয়েছি। এটি একটি অরাজনৈতিক সামাজিক আন্দোলন।’তারানা হালিম আরও বলেন, প্রশিক্ষণ নেই এমন ২০ হাজার ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এর আগেও এ রকম ১০ হাজার ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। তিনি এসব লাইসেন্স বাতিলের দাবি জানান। মোটরযান অধ্যাদেশ যুগোপযোগী করে শাস্তির মেয়াদ কমপক্ষে ১০ বছর করার ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, তারানা হালিম সড়ক দুর্ঘটনায় নিহত সাইফ আহমেদ অর্ণবের খালা।নিরাপদ যাতায়াতে রেল ও নৌপরিবহনকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম মানববন্ধনে বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে এর প্রকৃত কারণ অনুসন্ধান করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম খান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে। অবিলম্বে দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আয়োজক সংগঠনের আহ্বায়ক ইকরাম আহমেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইনকে যুগোপযোগী করে এর যথাযথ প্রয়োগ করতে হবে। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ব্যক্তিবর্গ ছাড়াও কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ কছিমউদ্দিন, ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার পক্ষে সাগর লোহানী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম প্রমুখ।