আইন প্রতিপালন ও পরীক্ষা ছাড়া সব ধরনের গাড়ি চালনার লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকার মেয়াদ আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে সড়ক দুর্ঘটনাসম্পর্কিত সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট হাইকোর্ট সড়ক দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির সভাপতি একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত ১৭ আগস্ট রুল জারির পাশাপাশি কয়েক দফা নির্দেশনা দেন।