সিরাজগঞ্জের কোথাও পরীক্ষা-নিরীক্ষা ও প্রাণিসম্পদ বিভাগের সনদপত্র ছাড়া গরু-ছাগল জবাই করা যাবে না বলে ঘোষণা করেছেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। গতকাল শুক্রবার দুপুরে অ্যানথ্রাক্স-উপদ্রুত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাঁকী গ্রাম পরিদর্শনের পর এক উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ ঘোষণা দেন। প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে প্রাণী বিমা চালুরও আশ্বাস দেন তিনি।আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ আছে। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক চিকিত্সায় এ রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়।’আবদুল লতিফ বিশ্বাস বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রাণিসম্পদের বিকল্প নেই। তাই সরকার এই সম্পদ রক্ষায় সব পদক্ষেপ নিয়েছে।এদিকে গতকাল জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে মিল্ক ভিটার আওতাধীন নুকালী গ্রামের ইব্রাহীম হোসেনের দুটি গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে। ক্ষুব্ধ এলাকাবাসী বলেছে, মিল্ক ভিটা কর্তৃপক্ষ সময়মতো সঠিকভাবে টিকা দিলে গরু দুটি মারা যেত না।নুকালী গ্রামের খামারমালিক জহুরুল ইসলাম বলেন, এই এলাকায় প্রতিবছর একবার করে প্রতিষেধক দেওয়ার কথা থাকলেও মিল্ক ভিটার পক্ষ থেকে এবার টিকা দেওয়া হয়নি। এক বছরেরও বেশি সময় পার হওয়ার পর প্রতিষেধক দেওয়া হয়েছে। এ কারণেই এই এলাকায় অ্যানথ্র্রাক্সের প্রকোপ দেখা দিয়েছে।শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, মৃত গরু দুটোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক প্রাণী গবেষণাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু দুটি অ্যানথ্রাক্সে (তড়কা) আক্রান্ত হয়ে মারা গেছে। পশু দুটোকে মাটিচাপা দেওয়া হয়েছে।এ বিষয়ে মিল্ক ভিটার ব্যবস্থাপক (সমিতি) এ এফ এম ইদ্রিছ আলী বলেন, মৃত দুই গরুর মধ্যে বকনা বাছুরটি পাঁচ মাস আগে হাট থেকে কেনা ছিল। একে কোনো প্রতিষেধক দেওয়া হয়নি। তবে ষাঁড়টিকে চার দিন আগে প্রতিষেধক দেওয়া হয়েছিল। এগুলোর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা করা দরকার।শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান এ জন্য মিল্ক ভিটাকে দায়ী করেন। তিনি বলেন, ‘মিল্ক ভিটার চিকিত্সকদের গাফিলতির কারণেই গরু দুটির মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত। যদি মিল্ক ভিটার চিকিত্সকেরা ঠিক সময়ে প্রতিষেধক দিতেন, তাহলে গরু দুটোর মৃত্যু হতো না।’