পরীক্ষা ছাড়া ভিটামিন 'এ' বিতরণ নয়
ক্লিনিক্যাল ট্রায়াল (পরীক্ষা) ছাড়া শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত রুলের পাশাপাশি এ আদেশ দেন। আদালত ২০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন।
গতকাল একটি জাতীয় দৈনিকে ‘এবারও অনুমোদনহীন “এ” ক্যাপসুল শিশুদের মুখে!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ আদেশ দেওয়া হয়।
রুলে লাল ও নীল নামে দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া বিতরণ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশে যেকোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আইন অনুসারে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাগে। কিন্তু কোটি কোটি শিশুকে খাওয়ানো ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ক্ষেত্রে এ ধরনের কোনো অনুমোদনই নেই। তা সত্ত্বেও এবার আরও তিন কোটি ৬৫ লাখ পিস ভিটামিন ‘এ’ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ওষুধ দিয়েই শিগগিরই ‘ভিটামিন এ’ খাওয়ানোর কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সময় সারা দেশে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল ক্যাপসুল এবং এক-পাঁচ বছর বয়সী শিশুকে একটি লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।