প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিশুদের কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি করতে হবে। ভর্তি-ইচ্ছুক শিশুরা বিদ্যালয়ে এসে তাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করে ভর্তি (তালিকাভুক্ত) হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। ৪ অক্টোবর সই করা এই পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার (আশপাশের নির্ধারিত এলাকা) সব শিশুকেই প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি বিদ্যালয়ের আশপাশের নির্ধারিত এলাকার শিশুদের সংখ্যা বিদ্যালয়ের আসনের চেয়ে বেশি হয়, কেবল সে ক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি করতে হবে। আর আশপাশের এলাকার শিশুদের ভর্তির পর আসনসংখ্যা শূন্য থাকলে নিকটতম এলাকার শিশুদের ভর্তির সুযোগ দেওয়া যাবে।
পরিপত্রে বলা হয়, উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এর লঙ্ঘন হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
৮ সেপ্টেম্বর সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করে। গতকাল প্রধানমন্ত্রী শিশু একাডেমী মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানেও একই নির্দেশ দেন।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন যেসব উচ্চবিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে সেগুলোতে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।