দেশের বিভিন্ন স্থানে গরুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) ছড়িয়ে পড়েছে। দেশব্যাপী রেড এলার্ট জারি করার পর জেলা ও উপজেলা প্রশাসন মাইকিং করে জনগণকে সচেতন করছে। পশু জবাইয়ের আগে পরীক্ষা-নিরীক্ষা করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু তা মানা হচ্ছে না। অনেক স্থানে অ্যানথ্রাক্সের ভয়ে লোকজন গরুর মাংস কেনা বাদ দিয়ে ঝুঁকে পড়েছে হাঁস-মুরগির দিকে। এই সুযোগে হাঁস-মুরগির দামও গেছে বেড়ে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: এই রোগের সংক্রমণ প্রতিরোধে জেলায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা প্রাণিসম্পদ দপ্তরের কাছে অ্যানথ্রাক্সের পর্যাপ্ত ভ্যাকসিন নেই। জেলার সর্বত্র পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু-ছাগল জবাই করে মাংস বিক্রি চলছে। তবে এই রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে গত মঙ্গলবার সকাল থেকে জেলা তথ্য অফিস শহরে মাইকিং শুরু করেছে।জেলা প্রাণিসম্পদ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট দুই লাখ ৬৪ হাজার ৬৮৩টি গরু, এক লাখ ৩৭ হাজার ৫১৬টি ছাগল এবং তিন হাজার ৪৬৫টি ভেড়া রয়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রাণিসম্পদ কার্যালয়ে মাত্র তিন হাজার অ্যানথ্রাক্স ভ্যাকসিন সংরক্ষিত আছে বলে জানা গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরুল আমিন জানান, বাগেরহাটে এখন পর্যন্ত অ্যানথ্রাক্স সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, পৌর এলাকায় পশু জবাই করার আগে পরীক্ষা করে রোগ শনাক্ত করার কাজ পৌরসভার। উপজেলা পর্যায়ে এই দায়িত্ব পালন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরসভায় ভেটেরিনারি সার্জনের কোনো পদ নেই। এখানে আছেন একজন স্বাস্থ্য পরিদর্শক। তিনি জবাইখানা ও মাংস বিক্রির দোকানের পরিচ্ছন্নতা দেখেন। আক্রান্ত পশু চিহ্নিত করতে পারেন না।ফরিদপুর: গরুর হাটে বিক্রির জন্য বিভিন্ন জেলা থেকে অবাধে গরু আনা হচ্ছে। কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরুগুলো বিক্রি হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরোজেন্দ্র নাথ সাহা বলেছেন, ‘লোকবল কম থাকায় ঢালাওভাবে সব গরু পরীক্ষা করা সম্ভব নয়।’চেপাখোলা গরুর হাটের ইজারাদার ইসরাফিল মিয়ার প্রতিনিধি মো. মোসলেমউদ্দীন জানান, প্রাণিসম্পদ বিভাগের কেউ এ ব্যাপারে সতর্কতামূলক লিটলেট বিতরণ করেনি বা বিভিন্ন জেলা থেকে আনা এসব গরুর স্বাস্থ্য পরীক্ষা করেনি। তবে হাটগুলোয় গরু কেনাবেচা কমে গেছে বলে জানান তিনি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দাবি, ‘সকাল থেকে বেলা একটা পর্যন্ত আমি নিজে হাটে থেকে লিফলেট বিতরণ করেছি।’জয়পুরহাট: গরুর মাংস বিক্রি কমে গেছে। ক্রেতারা ঝুঁকে পড়েছে মাছ ও মুরগির দিকে। শহরে গরু জবাইয়ের আগে কসাইয়েরা অনুমতিপত্র নিলেও গ্রাম-গঞ্জের হাট-বাজারের মাংস বিক্রেতারা জানেনই না, গরু জবাইয়ের আগে প্রাণিসম্পদ বিভাগ থেকে গরু পরীক্ষা করে নিতে হবে। মাছুয়া বাজারের মাংস বিক্রেতা ইদ্রিস আলী ও জহুরুল ইসলাম জানান, গরুর মাংস কেনার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। মাংস নিয়ে বসে আছি। যেখানে আট-১০টি গরু জবাই হতো, সেখানে মাত্র দুটি গরু জবাই করা হয়েছে। তা-ও কেনার লোক নেই। জামালগঞ্জ চারমাথা বাজারের মাংস বিক্রেতা হোসেন আলী জানান, গত মঙ্গলবারও মাংস বিক্রি করেছেন তিনি। কিন্তু তিনি জানেনই না গরু জবাইয়ের আগে পরীক্ষা করে নিতে হয়। তাঁকে বিষয়টি কেউ জানায়নি। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খাওয়া পরিবারের লোকজনের তালিকা তৈরি করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। একজন স্বাস্থ্য পরিদর্শক ও একজন স্বাস্থ্যকর্মী গত মঙ্গলবার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে এই তালিকা তৈরির কাজ শুরু করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সূর রায় জানান, সপ্তাহখানেক আগে ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তি একটি অসুস্থ গরু কম দামে কিনে জবাই করে বিক্রি করেন। আশপাশের কয়েকটি গ্রামের অন্তত ২৫টি পরিবারের সেই গরুর মাংস খেয়েছে। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর গ্রামের তিন ব্যক্তি ও চরসাতবাড়িয়া গ্রামের এক ব্যক্তি ইতিমধ্যেই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গরুটি যাঁরা জবাই করেছেন, চামড়া ছাড়ানো ও মাংস কাটার কাজ করেছেন এবং যেসব পরিবার ওই গরুর মাংস কিনে খেয়েছেন, তাঁরা সবাই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হতে পারেন। রোগ প্রতিরোধে পূর্বসতর্কতা অবলম্বনের জন্যই স্বাস্থ্য বিভাগ ওই তালিকা তৈরির কাজ করছে বলে সুকুমার সূর রায় উল্লেখ করেন। বাগমারা (রাজশাহী): বাগমারার হাট-বাজারগুলোতেও গরু বিক্রি কমে গেছে। এবার লোকজন গরুর বদলে হাঁস-মুরগির দিকে ঝুঁকছেন। গরুর মাংসের দাম কমে গেলেও বেড়েছে হাঁস-মুরগির দাম। বাগমারার মনির উদ্দিন জানান, তাঁর এলাকার লোকজন প্রতি বছর ঈদুল ফিতরের আগে গরু কিনে জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগ করে নিতেন। এবার অ্যানথ্রাক্স রোগের কারণে তাঁরা হাঁস বা মুরগি কিনছেন। তিনি আরও জানান, আগে প্রতি কেজি মুরগি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এখন বাগমারার হাট-বাজারে ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মংলা (বাগেরহাট): পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদনযোগ্য সিল লাগিয়ে গরু-ছাগল জবাই করতে প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। কিন্তু গরু জবাইকারী ও বিক্রেতারা পরীক্ষা ছাড়াই মঙ্গলবার সকাল থেকে ১০ থেকে ১২টি গরু জবাই করে মংলা বন্দরশহরের বিভিন্ন স্থানে মাংস বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য মংলা মাংস বিক্রেতা সমিতির সভাপতি মো. নজরুল চারটি গরু জবাই করার কথা স্বীকার করেছেন। পরীক্ষা করানোর কথা দাবি করলেও কোনো সিল তিনি দেখাতে পারেননি।