পরীক্ষা ছাড়াই রক্ত বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা ছাড়াই রক্ত বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মহাখালীর আমতলীর রোগী কল্যাণ ব্লাড ব্যাংক নামের এ প্রতিষ্ঠানে অভিযানে চালিয়ে চার মালিকসহ পাঁচজনকে দুই বছর এবং একজন কর্মচারীকে এক বছর কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত ব্লাড ব্যাংকের চার মালিক হলেন রবিউল ইসলাম (৪০), রিপন উদ্দিন (৩৫), সাইদুল ইসলাম (৩৫), আবদুল আজিজ (৩২), প্রতিষ্ঠানের কর্মচারী ইকবাল কবির (২২) ও দালাল আনোয়ার হোসেন (৪২)।
র্যাব সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত মহাখালীর আমতলীর রোগী কল্যাণ ব্লাড ব্যাংকে অভিযান চালান। পরীক্ষা ছাড়াই মাদকাসক্তদের কাছ থেকে রক্ত কেনার সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত দালাল আনোয়ার হোসেন ওরফে কালুকে হাতেনাতে ধরে ফেলেন। ভ্রাম্যমাণ আদালত ব্লাড ব্যাংক থেকে ৩২ ব্যাগ দূষিত রক্ত জব্দ এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। এখানে খণ্ডকালীন তিন চিকিৎসক থাকলেও তাঁরা দায়িত্ব পালন করেন না। এ কারণে ভ্রাম্যমাণ আদালত ফারহান ইসলাম, আশিকুল ইসলাম ও আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন।
ভ্রাম্যমাণ আদালত জানান, কালু মাদকাসক্ত মাহবুবুর রহমানের কাছ থেকে রক্ত কিনে ব্লাড ব্যাংকের অপর কর্মী সাইফুলের হাতে তুলে দেন। সাইফুল ওই রক্ত রাবেয়া বেগম নামের এক নারীর কাছে দেড় হাজার টাকায় বিক্রি করেন। রাবেয়া ওই রক্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন এক আত্মীয়ের জন্য কিনেছেন। ব্লাড ব্যাংকের আরেক কর্মচারী ইকবাল মনগড়া প্রতিবেদন তৈরি করে এতে চিকিৎসকের স্থলে সই করেন। ইকবাল দাবি করেন, মালিকের নির্দেশে তিনি সই করে আসছেন। অভিযানের সময় কর্মচারী আজিজ মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি করছিলেন।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, রক্তের পাঁচটি পরীক্ষা করার নিয়ম থাকলেও তারা তা না মেনে ঝুঁকিপূর্ণ রক্তের ব্যবসা করে আসছেন। এ ধরনের রক্ত সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
আনোয়ার পাশা বলেন, দণ্ডপ্রাপ্ত ছয়জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পরীক্ষা ছাড়াই রক্ত বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে এ নিয়ে ২৯টি অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৬০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।