পরীক্ষা দিচ্ছে মেয়েটি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের সপ্তম শ্রেণীর সেই ছাত্রী (১২) গত শনিবার বিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছে। মামলার অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত ছাত্রীটি ৪০ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।ছাত্রীটির পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাশের তালজাঙ্গা গ্রামের এরশাদ মিয়া ওই ছাত্রীকে গত ৬ অক্টোবর অপহরণ করিয়ে ঢাকার সাভারে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে ১২ দিন পর সে বাড়ি ফিরে আসে। মেয়েটির মুখে অপহরণের ঘটনা শোনার পর তাঁর বাবা গত ২০ অক্টোবর রাতে নান্দাইল মডেল থানায় এরশাদ মিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। মেয়ের বাবার অভিযোগ, মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিরা তাঁর মেয়েকে আবারও অপহরণের হুমকি দিয়েছিল। এ জন্য মেয়েটিকে দীর্ঘ ৪০ দিন পালিয়ে থাকতে হয়েছে।মেয়েটি জানায়, তার জীবনে ঘটে যাওয়া বিপর্যয় সে কাটিয়ে উঠতে চায়। লেখাপড়া শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তাবায়নে সবার সহযোগিতা কামনা করছে সে। স্কুলে কতিপয় সহপাঠী তার জীবনের ওই বিপর্যয়কর ঘটনা নিয়ে মুখরোচক আলোচনা করায় তার অস্বস্তি হচ্ছে বলে জানায়। এর পরও সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবে বলে জানায় মেয়েটি।গত ২৯ অক্টোবর ‘তবু স্বপ্ন দেখছে মেয়েটি’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।