পরীক্ষা দিচ্ছেন দুই কবজি হারানো সেই সিয়াম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী গ্রামের কলেজছাত্র সিয়াম খান (১৮)। গত বছরের ৫ এপ্রিল ঝড়ে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দুই হাতের কবজি হারান। কিন্তু এতে দমে যাননি তিনি। প্রতিবন্ধকতা জয় করে শুরু হয় তাঁর স্বপ্ন জয়ের লড়াই। সব বাধা অতিক্রম করে সিয়াম নড়িয়া সরকারি কলেজ থেকে অংশ নিয়েছেন চলতি এইচএসসি পরীক্ষায়। কলেজ কর্তৃপক্ষ সিয়ামের লেখায় সহযোগিতা করার জন্য একজন ‘রাইটার’ দিয়েছে।
সিয়ামের ভাষ্যমতে, এখন তাঁর উদ্দেশ্য একটাই, পড়ালেখা শেষ করে নিজ যোগ্যতায় সরকারি চাকরি করবেন। শুধু সরকারি চাকরি হলেই হবে না, ম্যাজিস্ট্রেট হতে হবে। সিয়ামের স্বপ্ন, তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবেন।
পরীক্ষা শেষে কথা হয় সিয়ামের সঙ্গে। পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে সিয়াম বলেন, ‘আজ সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে। আমার হাতের কবজি নেই। এভাবে তো পরীক্ষায় দিতে আমি অভ্যস্ত নই। তাই একটু সমস্যা হচ্ছে। অন্য একজন আমার লেখা লিখে দেয়। এখন সৃজনশীল পরীক্ষা প্রশ্নপত্র তৈরি, বেশির ভাগই উত্তরই নিজের ধারণা দিয়ে বলতে হয়। তাই নিজের লেখা আর বলে বলে লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। সব উত্তর বলেও শেষ করা যায় না। তবুও চেষ্টা করি ভালো কিছুর করার।’
সিয়ামের মা নাজমা বেগম বলেন, ‘অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাতে হচ্ছে। হাত অকেজো হওয়ার কারণে জীবন যাপন করতে অনেক কষ্ট হয়। সিয়াম যখন স্বাভাবিক ছিল, তখন ও নিজে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাত। আমাদের সংসারেও টাকা দিত। এখন কোনো কিছু করতে পারে না। ছেলেটা যেন এই সমাজে অবহেলার শিকার না হয়, সে জন্য যত দূর পারব তাঁকে লেখাপড়া করাব।’
সিয়ামের বাবা ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘আমি একজন গরিব মানুষ। তবুও ধারদেনা ও জমি বিক্রি করে ওর চিকিৎসা করতে এই পর্যন্ত ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করেছি। এখন পথে বসে গেছি, আর পারছি না। এত কষ্টের পরও ছেলেকে পড়ালেখা করাচ্ছি। হাইকোর্ট থেকে পল্লী বিদ্যুৎকে ৫০ লাখ টাকা দিতে বললেও এখনো কোনো টাকা পাইনি। তারা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি।’
নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক বলেন, ‘সিয়াম মেধাবী ছাত্র। ফলে কলেজ থেকে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। সিয়াম অনেক কষ্ট করে লেখাপড়া করছে। তার ইচ্ছাশক্তি প্রকট। দুর্ঘটনার পর কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীরা মিলে ওর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহযোগিতা দিয়েছে। আমরা তাকে অনুপ্রাণিত করতে সব সময়ই পাশে থাকব।’
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘পড়ালেখার বিষয়ে সিয়াম ও নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। সিয়ামের পরীক্ষা নেওয়া ও তাকে সহযোগিতা করার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। লেখার সহযোগিতার জন্য সিয়ামকে একজন রাইটার দেওয়া হয়েছে। বিধিমালা অনুসারে তাকে পরীক্ষায় ১৫ মিনিট সময় বেশি দেওয়া হবে।’
শরীয়তপুর পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক মো. সোহরাব আলী বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যখন দুর্ঘটনাটি ঘটে, তখন বিষয়টি নিয়ে আমরা সিয়ামের পরিবারকে চিঠি দিয়েছিলাম। এমনকি দুই লাখ টাকা ক্ষতিপূরণও দিতে চেয়েছিলাম। সিয়ামের পরিবার তখন ঢাকায় সিয়ামের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল। তাই আমরা তখন কোনো সহায়তা করতে পারিনি। পরে উচ্চ আদালত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। তবে সেই আদেশের পর তা আবার আপিল হয়। তাই আদালতের নির্দেশ ছাড়া আমরা সিয়ামের জন্য কিছুই করতে পারছি না।’
গত বছরের ৫ এপ্রিল ঝড়ে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে পড়েন সিয়াম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গত বছরের ১২ ও ১৬ এপ্রিল তাঁর দুটি হাত কনুইয়ের নিচে থেকে কেটে ফেলতে হয়। তা ছাড়া তাঁর মেরুদণ্ডসহ শরীরে বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করতে হয়। ২৬ মে তাঁকে বার্ন ইউনিট থেকে ছাড়পত্র দেন চিকিৎসক।