পরীক্ষা দিতে এসে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থান থেকে নীলফামারীর সৈয়দপুরের একটি বেসরকারি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন প্রায় দুই হাজার প্রার্থী। কিন্তু এসে দেখেন, পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারিত সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ে তালা ঝুলছে। ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের খানসামা উপজেলা থেকে আসা চাকরিপ্রার্থী মো. আবদুল্লাহ বলেন, গত ২৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে ওই সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আটটি পদে ৭৫০ জন কর্মী নিয়োগের কথা উল্লেখ ছিল। আঞ্চলিক ব্যবস্থাপক (জোনাল ম্যানেজার) পদে পাঁচজন, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক পদে পাঁচজন, এলাকা ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) পদে ১০ জন, সহকারী এলাকা ব্যবস্থাপক ১০ জন, শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন, মাঠ কর্মকর্তা পদে ২০০ ও সহকারী মাঠ কর্মকর্তা পদে ৩০০ লোক নেওয়ার কথা। এতে লোভনীয় বেতনের কথাও উল্লেখ ছিল। ওই চাকরিপ্রার্থী আরও বলেন, ‘বিজ্ঞাপন দেখে আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার প্রায় দুই হাজার চাকরিপ্রত্যাশী সৈয়দপুরে এসে হাজির হই। কেন তারা আমাদের সাক্ষাৎকার গ্রহণ করল না বা কেন আমরা চাকরিদাতাদের সাক্ষাৎ পেলাম না, তা বোধগম্য নয়।’
সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকার বাসিন্দা মো. আজাদও একজন চাকরিপ্রার্থী। তিনি বলেন, কেন্দ্রে এসে চাকরিদাতাদের কাউকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীরা। সকাল নয়টার দিকে তাঁরা ওই বিদ্যালয়ের সামনের বঙ্গবন্ধু সড়কে অবরোধ সৃষ্টি করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে তাঁরা সৈয়দপুর থানায় অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, কয়েক দিন আগে জনকল্যাণ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেএসডিও) নামের একটি বেসরকারি সংস্থার লোকজন এসেছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ওই বেসরকারি সংস্থার চাকরি নিয়োগসংক্রান্ত লিখিত ও মৌখিক পরীক্ষার ভেন্যু করার আগ্রহ দেখান তাঁরা। প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি তাঁদের লিখিতভাবে আবেদন করতে বলি। কিন্তু পরে আর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।’
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চাকরির নিয়োগ পরীক্ষার নামে কারা এ হয়রািন করল, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।