পরীক্ষা দিতে গিয়ে নৌকা ডুবে ছাত্রীর মৃত্যু, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১৫)। সে স্থানীয় পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামের সাইফুদ্দিন আহাম্মদের মেয়ে সুমাইয়া আক্তার বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গতকাল সকাল নয়টার দিকে বাড়ি থেকে বের হয়। জোয়ারদী গ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার জন্য অন্য ছাত্রছাত্রীর সঙ্গে সুমাইয়াও একটি নৌকায় ওঠে। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি জায়গায় গিয়ে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এ সময় সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় অন্য ছাত্রছাত্রীদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী মাছ ধরার জাল দিয়ে দুই ঘণ্টার চেষ্টায় সুমাইয়ার লাশ উদ্ধার করেন। আহত অন্য শিক্ষার্থীরা হলো একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার, হাসি আক্তার, দিলারা আক্তার প্রমুখ। তাদের মধ্যে নাহিদার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নৌকাডুবির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ে সব শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়। আজ মঙ্গলবারের পরীক্ষা গ্রহণও বন্ধ রাখার ঘোষণা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, নৌকাডুবির ঘটনাটি খুবই মর্মান্তিক। বিদ্যালয়জুড়ে এখন মাতম চলছে। তিনি বলেন, ১১ দিন আগে পার্শ্ববর্তী অলিপুরা বাজারের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে প্রচণ্ড স্রোতের কারণে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।