পরীক্ষা দিতে না দেওয়ায় বিভাগে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ বিবেচনায় পরীক্ষা দিতে না দেওয়ায় ছাত্রলীগের দুই নেতা গতকাল বৃহস্পতিবার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই পরীক্ষা স্থগিত করা হয়।
বিভাগের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, এর আগে গত সোমবারও বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ আল জামান ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খানের বাধার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষার্থীরা জানান, গতকাল দ্বিতীয় সেমিস্টারের একটি পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার শুরুর আগে কে বা কারা বিভাগের দুটি প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বেলা সাড়ে ১২টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তালা ভেঙে ফেলেন।
শিক্ষকেরা জানান, নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও তাঁকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তবে তাঁকে অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষায় কমপক্ষে ২ দশমিক ৫ পয়েন্ট পেতে হবে। কিন্তু বিভাগের শিক্ষার্থী মাহমুদ চারটি বিষয়ে অনুত্তীর্ণ হয়ে দশমিক ৮৮ ও মামুন দুটি বিষয়ে অনুত্তীর্ণ হয়ে ১ দশমিক ৬৪ পয়েন্ট পেয়েছেন। তাই তাঁরা বিশেষ বিবেচনায় দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান। কিন্তু বিভাগ তা অনুমোদন করেনি।
বিষয়টি নিশ্চিত করে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিন বলেন, ‘এ দুই শিক্ষার্থী (ছাত্রলীগ নেতা) যোগ্যতা না থাকা সত্ত্বেও জোর করে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করছেন। তাঁদের কারণে বিভাগ দ্বিতীয় সেমিস্টারের দুটি পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে আমি ২৩ সেপ্টেম্বর পরীক্ষা কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।’
অভিযোগ অস্বীকার করে মাহমুদ আল জামান বলেন, ‘আমাদের সহপাঠী বন্ধুরা বিভাগের শিক্ষকদের অনুরোধ করেছেন আমাদের দুজনের বিষয়টি সদয় বিবেচনা করতে। কিন্তু তা না করে শিক্ষকেরা জোর করে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিলেন। তাই হয়তো তাঁরাই (সাধারণ শিক্ষার্থী) তালা ঝুলিয়ে দিয়েছেন।’
প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘কে বা কারা বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন—এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তালা ভেঙে ফেলি। এরপর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করি।’