পরীক্ষা দিতে না পারায় কক্ষে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার কক্ষসংকটের কারণে তিনটি বিভাগের তিনটি বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেননি। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষার কক্ষে তালা ঝুলিয়ে দেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টায় অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে বাংলা বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষ, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষ ও দাওয়াহ বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা দিতে গিয়ে তাঁরা দেখেন ওই কক্ষে সব পরীক্ষার্থীর বসার মতো আসন নেই। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে ওই ভবনের ১০৩ নম্বর কক্ষে বাংলা বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হয়। এ অবস্থায় তিন বিভাগের সভাপতিসহ অন্য শিক্ষকেরা দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে শিক্ষকেরা কক্ষসংকট দ্রুত নিরসনের দাবি জানান। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন থেকে এই ভবনে কক্ষসংকট রয়েছে। পর্যাপ্ত কক্ষ না থাকায় তাঁদের সমস্যা হচ্ছে। ইতিহাস বিভাগের সভাপতি মুহিবুল ইসলাম জানান, ‘শ্রেণীকক্ষের সমস্যার কারণে আমরা যথাযথভাবে ক্লাস-পরীক্ষা নিতে পারছি না, দীর্ঘদিন থেকে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও কাজ হচ্ছে না।’ উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘সমস্যাটি দীর্ঘদিনের, তবে এর আশু সমাধানের চেষ্টা করা হচ্ছে।’