পরীক্ষা দিতে না পেরে মহাসড়ক অবরোধ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদের লিখিত পরীক্ষা গতকাল বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। হঠাৎ করে স্থগিত ঘোষণা করায় প্রার্থীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে মহাসড়ক অবরোধ করেন।
পরীক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ২ অক্টোবর তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগে ২২ পদে সাড়ে পাঁচ শতাধিক পুরুষ ও নারী নিয়োগ করা হবে উল্লেখ করা হয়। বিভিন্ন পদে ১৯, ২৩, ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ লিখিত পরীক্ষার সময় দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল। ওই পরীক্ষায় অংশ নিতে গতকাল দুপুরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় দুই হাজার পরীক্ষার্থী কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে আসেন। এ সময় তাঁরা একাডেমির মূল ফটকে অনিবার্য কারণবশত সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ দেখতে পান। এ ঘটনায় প্রার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তাঁরা ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেনী থেকে আসা আজাহার উদ্দিন ও নরসিংদী থেকে আসা গাজী মাহমুদ জানান, পরীক্ষা স্থগিত করার কথা আগে থেকে জানানো হয়নি। অনেক দূর থেকে তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নিতে এসেছেন।
আনসার একাডেমির প্রশাসনিক কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, হরতাল-অবরোধের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।