রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ওই স্কুলের দুই ছাত্রীকে পিটিয়ে জখম করেছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ কারণে পরীক্ষা দিতে পারেনি ওই দুই ছাত্রী।আহত ছাত্রীরা হলো, বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী খাদিজা আখতার (১৩) ও বিলকিস খাতুন (১৩)। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রীরা জানায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিতে গতকাল মঙ্গলবার দুপুরে তারা বিদ্যালয়ে যায়। পরীক্ষা শুরুর আগের একটি শিশু তাদের কাছে বিদ্যালয়ের বাগানে লাগানো একটি ফুলগাছ চেয়ে বায়না ধরে। তারা গাছ দিতে অপারগতা জানালে শিশুটি নিজেই তাদের সামনে বাগান থেকে একটি গাছ তুলে নেয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল বারিক শিশুটির হাতে এই ফুলগাছ দেখে ক্ষিপ্ত হন। তিনি এর জন্য ওই দুই ছাত্রীকে দায়ী করেন এবং তাদের কাছে কৈফিয়ত চান। একপর্যায়ে তিনি বিদ্যালয় থেকে একটি লাঠি এনে তাদের পেটাতে থাকেন। পিটুনিতে তারা মাটিতে লুটিয়ে পড়লেও তিনি থামেননি। একপর্যায়ে বিলকিস উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পায়নি। শিক্ষক তাকে ধাওয়া করে ধরে এনে ফের পেটাতে থাকেন। এ সময় তাদের চিৎকারে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে বাড়িতে খবর দেওয়া হলে অভিভাবকেরা এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহত ছাত্রীরা জানায়, অন্যায়ভাবে তাদের পেটানো হয়েছে। তারাই কয়েক দিন আগে বাড়ি থেকে কিছু ফুলের গাছ এনে বিদ্যালয়ের বাগানে লাগিয়েছিল। শিক্ষকের মারপিটের কারণে গতকাল তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান জানান, মেয়ে দুটোর শরীরে কমপক্ষে ১৫টি আঘাতের চিহ্ন রয়েছে।খাদিজার বাবা খায়রুল আলম জানান, এ ঘটনায় তিনি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম দুই ছাত্রীকে মারপিটের কথা স্বীকার করেছেন। তবে কী কারণে তাদের মারপিট করা হয়েছে তা জানেন না বলে জানান।জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আবদুল বারিক মারপিটের কথা স্বীকার করে বলেন, মেয়ে দুটি কয়েকটি গাছের চারা তুলেছিল, এ জন্য চার-পাঁচটা মারা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, ঘটনাটি তিনি জানেন না। তবে এটা হয়ে থাকলে তা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।