পরীক্ষা দিতে পারেনি ৩৪৯ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা কলেজ ও দোকানপাট ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ দোকান-মালিকেরা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শ্যামগঞ্জ মোড়ে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।স্থানীয় লোকজন পাঁচ এইচএসসি পরীক্ষার্থীসহ সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৩৪৯ জন শিক্ষার্থী গতকালের নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি। এলাকাবাসী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল পূর্বধলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। এ জন্য তারা সকাল নয়টায় উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে যায়। জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মামুন মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে পূর্বধলা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী তুষারের কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এ সময় শ্যামগঞ্জ কলেজের শিক্ষার্থীরা মামুন মিয়ার পক্ষ নিয়ে পূর্বধলা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়। এতে ৩৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান অভিযোগ করেন, শ্যামগঞ্জ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্যামল ঘোষ পূর্বধলা কলেজের পরীক্ষার্থীদের কাছে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতিজনে ২০০ টাকা করে দাবি করেন। কিন্তু পরীক্ষার্থীরা কোনো টাকা দেবে না বলে অধ্যক্ষ জানিয়ে দেন। এতে কলেজ কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে কৌশলে শিক্ষার্থীদের দিয়ে এ রকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবুল কাশেম অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বধলা কলেজের শিক্ষার্থীরা অভ্যন্তরীণ বিরোধের জের ধরে নিজেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পরে কলেজ কার্যালয় এবং দোকানপাট ভাঙচুর করে। যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পরীক্ষা পরবর্তী কোনো সময়ে নেওয়া হবে।