পরীক্ষা দিতে যাওয়ার পথে কিশোর গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে মা-বাবার সঙ্গে প্রতিবেশীর মারামারির ঘটনায় করা মামলার আসামি অষ্টম শ্রেণির ছাত্র আকাশ শেখ (১৩)। গত শনিবার পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আকাশের বাড়ি উপজেলার উজানচর ইউনিয়নের ভোলাই মাতুব্বর পাড়ায়। সে স্থানীয় শাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্র। শনিবার র্যা বের হাতে আটক হওয়া মাদক মামলার একজন আসামির সঙ্গে হাতকড়া পরিয়ে আকাশকেও আদালতে নিয়ে যায় পুলিশ।
ভোলাই মাতুব্বর পাড়ার বাসিন্দা সূত্রে জানা যায়, নায়েব আলীর ঘরের ডোয়ার সঙ্গে জাল আটকে প্রতিবেশী শাজাহান মোল্যা দীর্ঘদিন ধরে হাঁস পালন করছিলেন। নায়েব শুক্রবার ডোয়া পাকা করতে শাজাহানকে তাঁর হাঁসগুলো সরিয়ে নিতে বলেন। এ নিয়ে শাজাহানের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে শাজাহানের স্ত্রী শিউলি বেগম মাথায় আঘাত পেয়ে ফরিদপুর হাসপাতালে ভর্তি হন।
ওই দিনই শাজাহান বাদী হয়ে নায়েব আলী, তাঁর স্ত্রী, ছেলে আকাশসহ চারজনকে আসামি করে মামলা করেন। পুলিশ শনিবার দুপুরে পরীক্ষা দিতে যাওয়ার সময় আকাশকে আটক করে।
থানা হেফাজতে আটক আকাশ জানায়, বেলা সাড়ে বারোটার দিকে বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে সে বাড়ি থেকে বের হয়। পথে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল জরুরি কথা আছে বলে জানান। এরপর পরীক্ষার আগেই তাকে ছেড়ে দেওয়া হবে বলে থানায় আটকে রাখেন। সে আরও জানায়, মা-বাবার সঙ্গে প্রতিবেশীর ঝগড়ার সময় সে বাড়িতে ছিল না। ভয়ে ছোট ভাইকে নিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছিল।
শাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিক আরিফা বেগম বলেন, ‘বর্তমানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। এই পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে চূড়ান্ত পরীক্ষার ফল। এভাবে পরীক্ষা বন্ধ করে আটক করা পুলিশের ঠিক হয়নি। ওসির কাছে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি।’
থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘এজাহারভুক্ত আসামি হওয়ায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য পরীক্ষা দিতে না পারলে আমাদের করার কী আছে? ’ মাদক মামলার আসামির সঙ্গে হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘উভয়েই আসামি। তাই একসঙ্গে পাঠানো হয়েছে।’
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বলেন, যেহেতু সে আসামি, তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের করার কিছুই নেই।