পরীক্ষা দিতে যেতে হবে ৪০ কিমি দূরের কেন্দ্রে!
এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জয়পুরহাটের কালাই উপজেলার তিনটি স্কুলের ২৪ জন শিক্ষার্থী নিজ উপজেলায় পরীক্ষা দিতে পারছে না। কারণ শিক্ষা বোর্ড তাদের পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে দিয়েছে অন্য উপজেলায়। এতে ওই শিক্ষার্থীদের ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে বলে শিক্ষক ও অভিভাবকেরা মনে করছেন।এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান তিনটির প্রধানেরা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে দুষছেন। আর কর্তৃপক্ষ বলছে, ভুলটা তাদের নয়; স্কুল কর্তৃপক্ষের। ৪ নভেম্বর থেকে সারা দেশে একযোগে প্রথমবারের মতো জেএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের নিজ উপজেলার কেন্দ্রে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। তবে সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রশাসনের মাধ্যমে শিগগির আবেদন করতে হবে।কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৯টি স্কুলের শিক্ষার্থীরা কালাই ময়েনউদ্দিন উচ্চবিদ্যালয়, কালাই বালিকা উচ্চবিদ্যালয় ও হাতিয়র বহুমুখী সিনিয়র মাদ্রাসা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেবে। অবশিষ্ট তিনটি স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে অন্য উপজেলায়। এর মধ্যে কালাই উপজেলার প্রত্যন্ত দীঘিরহাট নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাত্রাই নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে আক্কেলপুর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে। অন্যদিকে কালাইয়ের প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবসমুদ্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে পাঁচবিবি উপজেলা সদরে।শিবসমুদ্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মৌসুমী, ইমরুল ও সুমী বলে, ‘অন্যান্য স্কুলের সহপাঠীরা নিজ উপজেলায় পরীক্ষা দিতে পারলেও কী অপরাধে আমাদের অন্য উপজেলায় গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে, এটা বুঝতে পারছি না!’ বাড়ি থেকে পাঁচবিবি উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে গেলে প্রতিদিন যাতায়াতের পেছনেই খরচ হবে ২০০ টাকা। এত দূরে পরীক্ষা দিতে গেলে ভোররাতে রওনা হতে হবে বলে জানায় তারা।একই স্কুলের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন, এমনি তো বিদ্যালয়টি দুর্গম এলাকায়। এখান থেকে উপজেলা সদরের দূরত্বই ১৪ কিলোমিটার। বাসে গেলে যেখান থেকে জেলা সদরে যেতে আরও ১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সেখান থেকে পাঁচবিবির দূরত্ব আরও ১০-১২ কিলোমিটার। সরাসরি বাস যোগাযোগ না থাকায় যানবাহন বদল করতে হবে অন্তত তিনবার।দীঘিরহাট নিম্নমাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, ‘উপজেলার সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ উপজেলায় পরীক্ষায় অংশ নিতে পারলেও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেন এত দূরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে—শিক্ষার্থীদের সেই প্রশ্নের উত্তর প্রতিষ্ঠান-প্রধান হিসেবে আমাদের নিজেদেরও জানা নেই।’ তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে, এটা ভুলবশত হয়েছে। এ বছর আর কেন্দ্র সংশোধনের সুযোগ নেই।রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুড়াইরা পাল্টা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, বোর্ডের ভুলে শিক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তনের ঘটনা ঘটেছে—এমন অভিযোগ ঠিক নয়। বরং এ জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানেরাই দায়ী। কারণ প্রতিটি প্রতিষ্ঠানকেই শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার শাখায় ইআইএন (এডুকেশনাল আইডেন্টিফিকেশন নম্বর) পাঠাতে হয়। ইআইএন নম্বরের ক্রমানুসারে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠান-প্রধানেরা সম্ভবত ইআইএন নম্বরের কম্পিউটার শিটের বৃত্ত পূরণ করতে গিয়ে ভুল করেছেন। আর এ ভুলের কারণেই তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র নিজ উপজেলায় না হয়ে অন্য উপজেলায় নির্ধারিত হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষা আসন্ন হওয়ার পরও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা যদি দু-এক দিনের মধ্যে ইউএনও বা জেলা প্রশাসকের মাধ্যমে সমস্যাটি তুলে ধরে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেন, তাহলে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের নিজ উপজেলার কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে।