পরীক্ষা দিয়েই ছাড়ল অদম্য ইসমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথায় আঘাত নিয়েই পরীক্ষার হলে ইসমত আরা l প্রথম আলো
মাথায় আঘাত নিয়েই পরীক্ষার হলে ইসমত আরা l প্রথম আলো

বাবার সঙ্গে সাইকেলে চেপে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল ইসমত আরা। কেন্দ্রের কাছাকাছি এলাকায় হঠাৎ পেছন থেকে বাসের ধাক্কা। আহত হয়ে হাসপাতালে যেতে হলো তাকে। কিন্তু আঘাতকে হার মানিয়েছে তার ইচ্ছাশক্তি। একটু দেরিতে হলেও কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছে ইসমত।
অদম্য মেয়েটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নগর গ্রামের বাসিন্দা। উপজেলার বিন্যাকুড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইসমত এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে গতকাল বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল ইসমত আরা। ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ইসমত ও তার বাবা ছিটকে পড়েন। ইসমত পড়ে একটি পাথরখণ্ডের ওপরে। তার মাথার পেছনে গভীর ক্ষত সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বাবা ও মেয়েকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
চিকিৎসকেরা ইসমত আরাকে প্রাথমিক সহায়তা দেওয়ার পর বিশ্রামের পরামর্শ দেন। কিন্তু কষ্ট হলেও পরীক্ষা সে দেবেই। প্রাথমিক চিকিৎসা নিয়েই তাই সে ছুটে যায় কেন্দ্রে।
কেন্দ্রের সচিব মাহাতাব উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের ২০ মিনিট পরে পরীক্ষা কক্ষে আসে ইসমত আরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তার পরীক্ষা নেওয়া হয়।
পরে পরীক্ষা কেন্দ্রে ইসমত সাংবাদিকদের জানায়, বাবা তাকে বহু কষ্টে পড়াচ্ছেন। আবার পরীক্ষা দেওয়ার খরচ বহন করা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই প্রচণ্ড কষ্ট হলেও পরীক্ষা দিল সে।
পরীক্ষা দেওয়ার পর ইসমতকে আবার চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার বাবা একরামুল হক সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শহীদুজ্জামান জানান, ইসমত আরার মাথায় আঘাত লেগেছে। ক্ষত থেকে রক্তক্ষরণ হওয়ায় কয়েকটি সেলাই দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।