পরীক্ষা দিয়েও অনুপস্থিত তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক (সম্মান) শ্রেণির বাংলা বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার পরও ফলাফলে একটি কলেজের সব শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনার উত্তর বাংলা কলেজের ৪৫ জন পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়।

কলেজ সূত্রে জানা গেছে, লালমনিরহাট সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বিষয়ের পরীক্ষায় এই কলেজের ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে কয়েকজন হলেন আতিকুল ইসলাম, বুলবুল আহমেদ, আসাদ, আল-আমিন, মিথিলা ও বিক্রম। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরীক্ষা দিয়েও আমরা পরীক্ষায় অনুপস্থিত ঘোষিত হয়েছি। এখন আমাদের সামনে হতাশা ছাড়া আর কিছু নেই। আমরা দ্রুত সংশোধিত ফল প্রকাশের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। এ ধরনের খাম-খেয়ালিপনা বা পেশাগত অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।’

উত্তর বাংলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবু শাহাদাত বলেন, পরীক্ষা কেন্দ্র থেকে হয়তো পরীক্ষার্থীদের হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছেনি। এ কারণে এই ফল বিপর্যয় হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে উত্তর বাংলা কলেজের পরীক্ষার্থীদের হাজিরাপত্র পাঠানোর রিসিভ কপি/প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে। কেন ওই কলেজের পরীক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হলো তা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। আমরা আমাদের দায়িত্বে কোনো অবহেলা করিনি।’

উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম বলেন, ‘আমরা প্রকৃত অবস্থা জানার জন্য এবং সংশোধিত ফল প্রকাশের ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।’ তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, এটা দুঃখজনক হলেও এমন ঘটনা বারবার ঘটেছে। ফল প্রকাশের বিষয়টি আরও গুরুত্ব ও সাবধানতার সঙ্গে দেখা হলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির হার কমে আসবে।