পরীক্ষা দিয়েও ৪৫ শিক্ষার্থী অনুপস্থিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনার উত্তর বাংলা কলেজের বাংলা সম্মান (অনার্স) প্রথম বর্ষের (২০১৪-১৫) ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাঁদের সবাইকে পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

উত্তর বাংলা কলেজ সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয়ের পরীক্ষায় উত্তর বাংলা কলেজের ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ফলে ওই কলেজের বাংলা বিভাগের সব পরীক্ষার্থীকে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয়ে অনুপস্থিত দেখানো হয়েছে।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে উত্তর বাংলা কলেজের সব পরীক্ষার্থীর হাজিরাপত্র পাঠানোর রিসিভ কপি/প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে। কেন ওই কলেজের পরীক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হলো, তা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। আমরা আমাদের দায়িত্ব-কর্তব্যে কোনো অবহেলা করিনি।’

উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম বলেন, ‘একধরনের অসাবধানতাবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার কলেজের ৪৫ পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়া সত্ত্বেও অনুপস্থিত দেখিয়ে থাকতে পারেন বলে মনে করছি। আমরা প্রকৃত অবস্থা জানার জন্য ও সংশোধিত ফল প্রকাশের ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। এটা দুঃখজনক হলেও আমরা এমন ঘটনা বারবার ঘটতে দেখছি। ফল প্রকাশের বিষয়টি আরও গুরুত্ব ও সাবধানতার সঙ্গে দেখা হলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির হার কমে আসবে।’