পরীক্ষা দিয়েছেন আজীবন বহিষ্কৃত তিন ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাগিংয়ের অপরাধে আজীবন বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন ছাত্রী গত সোমবার বিভাগের পরীক্ষায় অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের কোনো অফিস আদেশ জারি না হওয়ায় তাঁদের এ সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কেটিং বিভাগের সভাপতি নিগার সুলতানা।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, র‌্যাগিংয়ের অপরাধে শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থী সামি রেজওয়ানা, সাবরিনা আক্তার ও রাফিয়া মাহজুবাকে আজীবন বহিষ্কার করার সুপারিশ করে শৃঙ্খলা বোর্ড। গত ২৩ জুলাই সিন্ডিকেট সভায় বোর্ডের সুপারিশ অনুমোদন করা হয়। কিন্তু এ-সংক্রান্ত কোনো অফিস আদেশ এখন পর্যন্ত জারি করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে অফিস আদেশ জারি না হলেও পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন সাবরিনা আক্তার ও রাফিয়া মাহজুবা। বিচারপতি নাঈমা হায়দার ও মো.¯আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তাঁদের ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিদের্শ দেন। তা ছাড়া আদালত আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছেন।
নিগার সুলতানা বলেন, ‘তাদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এ-সংক্রান্ত কোনো অফিস আদেশ আমি পাইনি। তা ছাড়া দুই শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে হাইকোর্টের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর আমি উপাচার্যের সঙ্গে যোগাযোগ করি। তখন তিনি তিনজনকেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বলেন।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, সিন্ডিকেটে অনেক সিদ্ধান্ত গৃহীত হয়। পর্যায়ক্রমে সেগুলোর অফিস আদেশ জারি করা হয়। সময় স্বল্পতার কারণে হয়তো এ বিষয়ের অফিস আদেশ জারি করা হয়নি।