পরীক্ষা দেওয়া হলো না ১৬ শিক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির মডেল টেস্ট শুরুর দিনের পরীক্ষা দেওয়া হলো না ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী শিংপাড়া উচ্চবিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর। বিদ্যালয়ের বকেয়া বেতন পরিশোধ না করায় গতকাল রোববার পরীক্ষা শুরুর আগে পরীক্ষার হল থেকে ওই শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী বলে, গতকাল ২০১৭ সালের এসএসসি পরীক্ষার মডেল টেস্ট শুরু হয়েছে। বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে প্রধান শিক্ষক পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের মধ্যে যাদের বেতন বকেয়া রয়েছে, তাদের বকেয়া বেতন পরিশোধ করতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা বকেয়া বেতন পরিশোধের সময় দিতে প্রধান শিক্ষককে অনুরোধ করে। প্রধান শিক্ষক এতে রাজি না হওয়ায় শিক্ষার্থীরা শনিবারের (২২ অক্টোবর) মধ্যে তা পরিশোধ করে দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে ১৬ জন শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেন। এ ঘটনায় শিক্ষার্থীরা স্থানীয় সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলে, ‘আমি ২৩০ টাকা পরীক্ষার ফি জমা দিয়েছি। কিন্তু বিদ্যালয়ের বকেয়া বেতন সংগ্রহ করতে পারিনি। এ কারণে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না ভেবে কষ্ট লাগছে।’ আরেক শিক্ষার্থী বলে, ‘বিদ্যালয়ে তার ৩০০ টাকার মতো বেতন বকেয়া রয়েছে। এটা পরিশোধ করতে পারিনি। পরিশোধের জন্য কয়েক দিন সময় চেয়েও পাইনি। এখন ধারদেনা করে তা পরিশোধ করতে হবে।’
গতকাল দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এক নারী বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছে জানতে চান, তাঁর ছেলেকে কেন পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো। তখন তিনি ক্ষোভ দেখিয়ে শিক্ষকদের বলতে থাকেন, ‘তোমরা টাকার এতই কাঙাল, ছেলেটার ভবিষ্যৎও দেখলেন না। মুই মানুষের বাড়িত জন (মজুরি) দিয়ে ছেলেটাক পড়াছু। সামান্য কয়টা টাকারতানে তোমরা অক পরীক্ষা দিবা দিলেন না।’
বিদ্যালয়ের অফিস সহকারী তহুর আলী বলেন, দশম শ্রেণিতে ৪৩ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর মধ্যে ১৬ জনের নূ্৵নতম ৬ মাসের বেতন বকেয়া রয়েছে। প্রধান শিক্ষকের নির্দেশে ওই ১৬ জনকে এসএসসি মডেল টেস্টে অংশ নিতে দেওয়া হয়নি। প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘বিদ্যালয়টি আর্থিক সংকটে রয়েছে। এসব শিক্ষক মিলে যাদের বেতন বকেয়া আছে, তাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই মডেল টেস্টের প্রথম দিনে ওই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি।’
সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘শুধু কয়টা টাকার জন্য এমনটি করা ঠিক হয়নি। ওই শিক্ষার্থীদের একটি অভিযোগপত্র পেয়েছি।’
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানু বলেন, ‘এ ঘটনায় শিক্ষার্থীদের একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’